বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬

নেছারাবাদে মসজিদের সামনে কাভার্ড ভ্যানে আগুন

হোম » পিরোজপুর » নেছারাবাদে মসজিদের সামনে কাভার্ড ভ্যানে আগুন
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬


নেছারাবাদে মসজিদের সামনে কাভার্ড ভ্যানে আগুনসাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে মসজিদের সামনে পার্ক করে রাখা একটি কাভার্ড ভ্যানের তিনটি চাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর জগন্নাথকাঠি বায়তুল রহমান জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আগুন লাগার ঘটনায় এলাকায় উদ্বেগ ও নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে।

 

আগুনে ক্ষতিগ্রস্ত কাভার্ড ভ্যানটির নম্বর চট্টগ্রাম মেট্রো-ন-১১-৭৭৮৮। গাড়িটির মালিক ভোলা জেলার বাসিন্দা মো. কামাল এবং চালক মো. বাহারুল।

 

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় নার্সারি ব্যবসায়ী মো. শাহিনের গাছের চারা ঢাকায় পরিবহনের জন্য কাভার্ড ভ্যানটি ভাড়া করা হয়েছিল। পরে গাড়িটি মসজিদের সামনে পার্ক করে রাখা হয়। রাত দেড়টার দিকে মসজিদের ইমাম গাড়িটির তিনটি চাকায় আগুন জ্বলতে দেখে চিৎকার করে স্থানীয়দের ডাকেন। পরে স্থানীয়রা মসজিদের পানির পাইপ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

এতে গাড়িটির তিনটি চাকা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় তা গাড়ির অন্য অংশে ছড়িয়ে পড়তে পারেনি এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

 

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গাড়ির চাকায় আগুন দিয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মসজিদের সামনে পার্ক করে রাখা গাড়িটিতে কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

তিনি আরও জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে স্বরূপকাঠি বাসস্ট্যান্ড, লোড পয়েন্ট, বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানের লোকজনকে সচেতন করা হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সার্বিক পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখছে।

 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৪:৫২:২১