বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনর্মূল্যায়নের ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়
হোম » শিক্ষা » এইচএসসির পুনর্মূল্যায়নের ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়
সাগরকন্যা প্রতিবেদক
এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১৮ নভেম্বর) এ-সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫ লাখ ৭ হাজারের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
তবে পুনরায় পরীক্ষার ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে এসব শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। এ আশঙ্কা থেকেই ভর্তি পরীক্ষার আগে পুনর্মূল্যায়নের ফল প্রকাশের দাবিতে হাইকোর্টে রিট করা হয়।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন ছাত্র এবং ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন ছাত্রী। ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নেন।
বাংলাদেশ সময়: ১২:৩০:৫৪
