বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬

বাউফলে নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

হোম » পটুয়াখালী » বাউফলে নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬


বাউফলে নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রীসাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালীর বাউফলের বগা পয়েন্টে লোহালিয়া নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। আগামী ডিসেম্বরের শেষদিকে অথবা জানুয়ারির যেকোনো দিন প্রধানমন্ত্রী তারেক রহমান সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ২০৩০ সালের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

 

সোমবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম তাঁকে আশ্বাস দেন বলে জানিয়েছেন সংসদ সদস্য।

 

সেতু নির্মাণের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে দুমকী উপজেলার চর গরবদি এলাকায় জমি অধিগ্রহণ করা হয়েছে। সেখান থেকে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার কাজও চলছে।

 

এর আগে বাউফলের দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আবিরার (৮) চিঠির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে গত ১৯ মে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে বগা ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন সেতুমন্ত্রী।

 

সেতুটি নির্মিত হলে বাউফল, দশমিনা ও গলাচিপার প্রায় ১০ লাখ মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগের অবসান হবে। বর্তমানে ঢাকা থেকে সড়কপথে প্রায় পাঁচ ঘণ্টায় লোহালিয়া নদীর চর গরবদি এলাকায় পৌঁছানো গেলেও নদী পার হতে ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এতে যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ী ও পণ্য পরিবহনকারীদেরও দুর্ভোগ পোহাতে হয়।

 

সেতুটি চালু হলে ঢাকা থেকে বাউফল হয়ে দশমিনা ও গলাচিপায় সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এতে যাতায়াতের সময় ও খরচ কমার পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে। স্থানীয়দের প্রত্যাশা, সকালে ঢাকায় গিয়ে প্রয়োজনীয় কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরা সম্ভব হবে।

 

সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সেতুটি অনেক আগেই হওয়া উচিত ছিল। কেন এত দিন এটি নির্মাণ করা হয়নি, তা অতীতের সরকার ভালো বলতে পারবে। সেতুমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, ডিসেম্বরের শেষদিকে অথবা জানুয়ারির যেকোনো দিন প্রধানমন্ত্রী স্বপ্নের সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

 

তিনি আরও বলেন, সেতুটি নির্মিত হলে বাউফল ও দশমিনা একটি অর্থনৈতিক অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এ অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীরা তাঁদের উৎপাদিত পণ্য সহজেই ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে নিয়ে যেতে পারবেন।

 

ভবিষ্যৎ যোগাযোগব্যবস্থার পরিকল্পনার কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, তেঁতুলিয়া নদীর পূর্ব পাশে ভোলার সঙ্গে বরিশালের যোগাযোগ স্থাপনে আরেকটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। ওই সেতুর একটি অংশ বাউফলের ধুলিয়ার সঙ্গে যুক্ত করা গেলে কক্সবাজার থেকে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও ভোলা হয়ে বাউফলের ওপর দিয়ে কুয়াকাটা সমুদ্রসৈকত ও পায়রা বন্দরসহ দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন পথ তৈরি হতে পারে। এতে সংশ্লিষ্ট এলাকাগুলো বাণিজ্যিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন কেন্দ্র হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১১:১১:০৯