মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
অসুস্থ দুই গরু জবাইয়ের নির্দেশ দেওয়ার অভিযোগ প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে
হোম » বরগুনা » অসুস্থ দুই গরু জবাইয়ের নির্দেশ দেওয়ার অভিযোগ প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে অসুস্থ দুই বলদ গরু জবাইয়ের পর প্রায় ২০০ কেজি মাংস বিক্রির জন্য বাজারে আনার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মীর মো. আশিক বাবু ও তাঁর সহকারীর পরামর্শ এবং উপস্থিতিতে গরু দুটি জবাই করা হয়েছে বলে অভিযোগ করেছেন মালিক মো. আমিনুল ইসলাম। তবে জবাইয়ের নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ওই কর্মকর্তা। মঙ্গলবার সকালে মাংস জব্দ করে পৌরসভা কর্তৃপক্ষ। পরে কসাই মাইনুদ্দিন চৌকিদারকে ছয় হাজার টাকা জরিমানা এবং জব্দ করা মাংস কেরোসিন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার গভীর রাতে আমতলী উপজেলার মহিষডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে পৌর শহরের একে স্কুল এলাকায় মাংস বিক্রির জন্য আনা হলে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. কবির হোসেন তা জব্দ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মহিষডাঙ্গা গ্রামের আমিনুল ইসলামের দুটি গরু অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য তিনি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে যান। কর্মকর্তা মীর আশিক বাবুর নির্দেশে তাঁর সহকারী মো. আউয়াল মিয়া গরু দুটির চিকিৎসা করেন। পরে রাতে গরু দুটি আবার অসুস্থ হয়ে পড়লে প্রাণিসম্পদ কর্মকর্তা ও তাঁর সহকারী ঘটনাস্থলে যান। এ সময় কর্মকর্তা গরু দুটিকে ওষুধ প্রয়োগ করেন।
আমিনুল ইসলামের অভিযোগ, ওষুধ প্রয়োগের পরপরই গরু দুটির পেট ফুলে যায় এবং সেগুলো ছটফট করতে থাকে। পরিস্থিতির অবনতি হলে প্রাণিসম্পদ কর্মকর্তা তাঁকে গরু দুটি জবাই করার নির্দেশ দেন। তাঁর নির্দেশনা অনুযায়ী সোমবার গভীর রাতে কসাই মাইনুদ্দিন চৌকিদারকে ডেকে এনে গরু দুটি জবাই করা হয়। এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
গরুর মালিক আমিনুল ইসলাম বলেন, ‘প্রাণিসম্পদ কর্মকর্তা মীর আশিক বাবু ও তাঁর সহকারী আউয়াল আমার দুটি বলদ গরুর ভুল চিকিৎসা দিয়েছেন। পরে অবস্থা খারাপ হলে কর্মকর্তা আমাকে গরু জবাই করে মাংস বিক্রির নির্দেশ দেন। তাঁর নির্দেশে গরু জবাই করে মাংস বিক্রির জন্য আনলে স্যানিটারি ইন্সপেক্টর তা জব্দ করেন। মাংসগুলো কেরোসিন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এ ঘটনার তদন্ত করে জড়িত কর্মকর্তা ও তাঁর সহকারীর কঠোর শাস্তি দাবি করছি।’
কসাই মাইনুদ্দিন চৌকিদার বলেন, ‘পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টরের অনুমতি ছাড়া গ্রামে গরু জবাই করে মাংস আনায় আমাকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। গরু অসুস্থ হয়ে পড়ায় প্রাণিসম্পদ কর্মকর্তা জবাই করার নির্দেশ দিয়েছিলেন। তাঁর উপস্থিতিতেই গরু দুটি জবাই করেছি।’
তবে অভিযোগ অস্বীকার করে আমতলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মীর মো. আশিক বাবু বলেন, ‘আমি গরুর মালিককে গরু জবাই করার নির্দেশ দিইনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’ তবে তিনি ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন।
আমতলী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন, পৌরসভার ভোক্তা অধিকার আইনে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন কসাই মাইনুদ্দিন চৌকিদারকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টি জানার পর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী কসাইকে জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:২৬:০৫
