মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬

সুন্দরবনের গহিনে লুকানো ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধার

হোম » খুলনা » সুন্দরবনের গহিনে লুকানো ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধার
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬


সুন্দরবনের গহিনে লুকানো ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধারসাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

সুন্দরবনের গহিন অরণ্যে গোপনে মজুত রাখা ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে কোস্ট গার্ড। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান ও দুটি দেশীয় ওয়ান শুটার গান। এ ছাড়া চারটি বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২টি এয়ারগানের গুলি ও দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গহিনে এ অভিযান চালানো হয়।

 

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সুন্দরবনের বনদস্যু নির্মূল ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, শরবতখালী খালসংলগ্ন বনের গহিনে একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত করেছে।

 

এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ানের সদস্যরা যৌথভাবে অভিযান চালান। এ সময় বনের মধ্যে অভিনব কৌশলে লুকিয়ে রাখা এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ মজুতকারী ডাকাত দলকে শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সুন্দরবনে টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে।

 

তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, সরকারের নির্দেশনা, সর্বস্তরের মানুষের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে কোস্ট গার্ড আশাবাদী।

বাংলাদেশ সময়: ১৮:৩১:২১