মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬

ফলন ভালো, তবু ন্যায্যমূল্য পাচ্ছেন না দুমকির সবজি চাষিরা

হোম » কৃষি » ফলন ভালো, তবু ন্যায্যমূল্য পাচ্ছেন না দুমকির সবজি চাষিরা
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬


 

ফলন ভালো, তবু ন্যায্যমূল্য পাচ্ছেন না দুমকির সবজি চাষিরা

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকিতে শীতকালীন সবজির ফলন ভালো হলেও ন্যায্যমূল্য পাচ্ছেন না প্রান্তিক কৃষকেরা। কৃষকের কাছ থেকে ২০ টাকায় কেনা একটি লাউ বাজারে ভোক্তাকে কিনতে হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। পাইকার, আড়তদার ও খুচরা বিক্রেতাদের কয়েক দফা হাতবদলে দাম বাড়লেও উৎপাদিত সবজির ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকেরা। লাভের বড় অংশ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে।

 

উপজেলার বিভিন্ন এলাকায় লাউ, মিষ্টিকুমড়া, ঢেঁড়স, ধুন্দল, করলা, বরবটি, চিচিঙ্গা, পুঁইশাক, পালংশাক, বাঁধাকপি ও ফুলকপিসহ বিভিন্ন শীতকালীন সবজির ভালো ফলন হয়েছে। তবে উৎপাদন খরচের তুলনায় বিক্রয়মূল্য কম হওয়ায় হতাশ চাষিরা।

 

স্থানীয় বাজারের চিত্র অনুযায়ী, কৃষকের কাছ থেকে ২০ টাকায় কেনা একটি লাউ পাইকার বিক্রি করেন প্রায় ৩০ টাকায়। পরে আড়তদার ও খুচরা বিক্রেতাদের মুনাফা যোগ হয়ে সেই লাউয়ের দাম দাঁড়ায় ৫০ থেকে ৬০ টাকা। এতে উৎপাদন পর্যায় ও খুচরা বাজারের দামের মধ্যে বড় ব্যবধান তৈরি হচ্ছে।

 

মুরাদিয়া ইউনিয়নের সবজি চাষি এনায়েত, কালাম চৌকিদার ও বাহাউদ্দীন এবং শ্রীরামপুর ইউনিয়নের ফারুক হোসেন জানান, জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বাবদ তাঁদের প্রচুর টাকা ব্যয় করতে হয়। অথচ সরাসরি ভোক্তার কাছে সবজি বিক্রির সুযোগ না থাকায় পাইকারদের কাছে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তাঁরা।

 

অন্যদিকে স্থানীয় ক্রেতাদের অভিযোগ, কৃষকের কাছ থেকে কম দামে সবজি কেনা হলেও বাজারে তাঁদের বেশি দাম দিতে হচ্ছে। এতে কৃষক ও ভোক্তা উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

 

দুমকি উপজেলা শহরের সবজি ব্যবসায়ী অলি মৃধা ও সুমন হাওলাদার এবং ক্রেতা বশির ভুঁইয়া, আবদুল খালেক হাওলাদার ও আবুল হোসেন খান এ বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

 

সংশ্লিষ্টদের মতে, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদের জন্য সহনীয় দামে সবজি সরবরাহ করতে সরাসরি বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। একই সঙ্গে বাজারে মধ্যস্বত্বভোগীদের অযৌক্তিক মুনাফা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

বাংলাদেশ সময়: ১৬:০১:৩৬