মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
চুরির অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধকে শিকলবন্দি করে গ্রামে ঘোরানোর অভিযোগ
হোম » পিরোজপুর » চুরির অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধকে শিকলবন্দি করে গ্রামে ঘোরানোর অভিযোগ
সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)
পিরোজপুরের জিয়ানগরে সুপারি ও কলা চুরির অভিযোগে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে মারধর করে শিকলবন্দি করে রাখা এবং গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রামে ঘোরানোর অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী রুহুল আমিন উপজেলার ইন্দুরকানী ইউনিয়নের কালাইয়া গ্রামের বাসিন্দা। তিনি দরিদ্র ও মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৬ নভেম্বর) প্রতিবেশী হাফেজ আব্দুল হালিমের বাড়ি থেকে এক ছড়া সুপারি ও এক ছড়া কলা নেওয়ার অভিযোগ ওঠে রুহুল আমিনের বিরুদ্ধে। এ অভিযোগে কালাইয়া গ্রামের নাসির উদ্দীনের নেতৃত্বে কয়েকজন তাঁকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে তাঁর কোমরে শিকল বেঁধে তালাবদ্ধ করে রাখা হয়। একপর্যায়ে গলায় কলা ও সুপারি ঝুলিয়ে তাঁকে গ্রামে ঘোরানো হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের মতে, চুরির অভিযোগ থাকলেও একজন ৭৫ বছর বয়সী বৃদ্ধকে এভাবে নির্যাতন ও প্রকাশ্যে অপমান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রুহুল আমিন মানসিকভাবে অসুস্থ ও হতদরিদ্র। মাঝেমধ্যে তিনি মানুষের কলা, কচু ও সুপারি না বলে নিয়ে যান। তবে সামান্য অপরাধে তাঁর সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে, তা ঠিক হয়নি।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, বৃদ্ধকে গলায় কলা-সুপারি ঝুলিয়ে ঘোরানোর ভিডিওটি তিনি ফেসবুকে দেখেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল বলছে, অপরাধের অভিযোগ থাকলেও কাউকে মারধর, শিকল দিয়ে আটকে রাখা কিংবা প্রকাশ্যে অপমান করার অধিকার কারও নেই। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তাই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি বৃদ্ধের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
বাংলাদেশ সময়: ১৫:৪৪:৫৫
