সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
খেপুপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন নিয়ে বিরোধ, প্রতিবাদ বর্তমান কমিটির
হোম » পটুয়াখালী » খেপুপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন নিয়ে বিরোধ, প্রতিবাদ বর্তমান কমিটির
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর খেপুপাড়ায় ‘মানিকমালা খেলাঘর আসর’-এর নতুন কমিটি গঠন নিয়ে বিরোধ দেখা দিয়েছে। বর্তমান কার্যকরী কমিটিকে না জানিয়ে এবং সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘন করে নতুন কমিটি গঠনের অভিযোগ তুলে ওই কমিটি প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির বর্তমান নেতৃত্ব।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, গত ৮ নভেম্বর বিভিন্ন পত্রপত্রিকায় ‘মানিকমালা খেলাঘর আসর’-এর নতুন কমিটি গঠনের সংবাদ প্রকাশিত হয়। তবে এ কমিটি গঠনের বিষয়ে সংগঠনের বর্তমান কার্যকরী কমিটি অবগত ছিল না। গঠনতন্ত্র অনুসরণ না করে নিয়মবহির্ভূতভাবে কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই সভা ও গঠিত কমিটির সঙ্গে প্রকৃত ‘মানিকমালা খেলাঘর আসর’-এর কোনো সম্পর্ক নেই। এ কারণে প্রকাশিত সংবাদে উল্লেখিত সভা ও কমিটি প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানিয়েছে বর্তমান কমিটি। একই সঙ্গে এ বিষয়ে বিভ্রান্ত না হতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে নিজেদের কমিটিকে সংগঠনের একমাত্র ও প্রকৃত কমিটি দাবি করে বলা হয়, সম্মেলনের মাধ্যমে নির্বাচিত এ কমিটির সভাপতি মিসেস মনোয়ারা বেগম এবং সাধারণ সম্পাদক মো. শাহ সুজা উদ্দিন। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক মো. শাহ সুজা উদ্দিন।
এ বিষয়ে মানিকমালা খেলাঘর আসরের বর্তমান কমিটির সদস্য নমিতা দত্ত বলেন, ‘কেন্দ্র থেকে এসে আমাদের কমিটি করে দিয়েছে। আমাদের কিছু করার নাই। আমার বয়স হয়েছে। শেষ বয়সে এসে এ নিয়ে কোনো দ্বন্দ্ব চাই না। এর বেশি কিছু এ নিয়ে আমার বলার নাই। কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে, আমরা সেটা মেনে নেব।’
খেপুপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা সদস্য কমরেড নাসির তালুকদার বলেন, ‘১৯৭৫ সালে খেপুপাড়ায় মানিকমালা খেলাঘর আসর প্রতিষ্ঠিত হয়। সেই থেকে সাংগঠনিক নিয়ম অনুযায়ী সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় কলাপাড়ায় কাউন্সিলের মাধ্যমে গঠিত কার্যকরী কমিটি বহাল রয়েছে। এ কমিটি কলাপাড়ায় সর্বজনস্বীকৃত।’
তিনি আরও বলেন, ‘বর্তমান কমিটিকে না জানিয়ে যে কমিটি গঠন করা হয়েছে, তা গণতন্ত্রবিরোধী এবং স্বাভাবিক নিয়মশৃঙ্খলার পরিপন্থী। আমরা এ সভা ও কমিটি বয়কট করছি। পূর্বের কমিটি বহাল রয়েছে এবং এর কার্যক্রম চলমান আছে। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।’
বাংলাদেশ সময়: ১৫:৫৭:০৬
