রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
বরগুনার উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিলেন জেলা প্রশাসক
হোম » বরগুনা » বরগুনার উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিলেন জেলা প্রশাসক
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা, সরকারি সেবার মান বাড়ানো এবং মাদকমুক্ত সমাজ গঠনে সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক বলেন, জেলার উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে সরকারি সব দপ্তরকে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কাজ করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডে অবহেলা বা দীর্ঘসূত্রতা গ্রহণযোগ্য নয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও দায়িত্বশীল হতে হবে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পাশাপাশি মাদকবিরোধী উদ্যোগ আরও কার্যকর করতে হবে।
সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক দল ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা থেকে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সরকারি সেবার মান বৃদ্ধি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সমন্বয় জোরদার করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১:৫৮:০৯
