রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬

চরফ্যাশনে তিন অবৈধ ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা, বন্ধের নির্দেশ

হোম » ভোলা » চরফ্যাশনে তিন অবৈধ ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা, বন্ধের নির্দেশ
রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬


চরফ্যাশনে তিন অবৈধ ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা, বন্ধের নির্দেশসাগরকন্যা প্রতিবেদক, ভোলা

 

ভোলার চরফ্যাশনে লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে তিনটি ইটভাটাকে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে ভাটাগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

 

শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দক্ষিণ আইচা ও দুলারহাট থানার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮-এর ভোলা ক্যাম্প যৌথভাবে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন।

 

জরিমানার আওতায় আসা ইটভাটাগুলো হলো দক্ষিণ চর মানিকা এলাকার মেসার্স আকন ব্রিকস, মেসার্স রাত্রি ব্রিকস এবং ঘোষের হাট এলাকার মেসার্স জোসনা ব্রিকস।

 

এসআরবি-৮-এর ভোলা ক্যাম্প কমান্ডার তাপস কর্মকার বলেন, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে প্রতিষ্ঠান তিনটিকে মোট ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়েছে। পাশাপাশি ভাটাগুলোর উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

পরিবেশ সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা এবং প্রচলিত আইন ও বিধিবিধান বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৮।

বাংলাদেশ সময়: ৯:৩৮:২৮