শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬

সন্ধ্যা নদীতে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার, বাবাকে জিজ্ঞাসাবাদ

হোম » পিরোজপুর » সন্ধ্যা নদীতে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার, বাবাকে জিজ্ঞাসাবাদ
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬


সন্ধ্যা নদীতে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার, বাবাকে জিজ্ঞাসাবাদসাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে বাবার সঙ্গে সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর সিয়াম (১৩) নামে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

শিশুটির ঘাড়ের পেছনে, মাথা ও পিঠে জখমের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে নৌপুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা আরিফ রাঢীকে থানায় নেওয়া হয়েছে। নিহত সিয়াম ও তার পরিবার গত ১৬ বছর ধরে রাজবাড়ী এলাকার একটি আবাসন প্রকল্পে বসবাস করছেন।

 

নিহত শিশুর মা নুপুর বেগম জানান, গত ১২ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে তার স্বামী আরিফ রাঢী বাকপ্রতিবন্ধী ছেলে সিয়ামকে নিয়ে রাজবাড়ী লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে মাছ ধরতে যান। রাত ৮টা পর্যন্ত তারা বাড়িতে না ফেরায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে লঞ্চঘাটে স্বামীকে দেখতে পেয়ে ছেলের কথা জানতে চান। কিন্তু স্বামী কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যান। এরপর আর বাড়িতে ফেরেননি।

 

নুপুর বেগম বলেন, পরদিন ১৩ নভেম্বর তিনি ছেলের নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার সকালে নদীতে ছেলের মরদেহ ভাসতে থাকার খবর পান। ছেলের ঘাড় ও মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে বলে শুনেছেন। তবে কে বা কারা তাকে আঘাত করেছে, তা তিনি জানেন না।

 

রাজবাড়ী লঞ্চঘাট থেকে শেহাংগল লঞ্চঘাটে খেয়া পারাপারের মাঝি উজ্জ্বল বলেন, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে খেয়া পারাপারের সময় লঞ্চ টার্মিনালের সামনে নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয়দের খবর দিলে তারা এসে সিয়াম হিসেবে মরদেহটি শনাক্ত করেন। উদ্ধারের সময় শিশুটির শরীরের কয়েকটি স্থানে কোপের মতো দাগ দেখা গেছে বলেও জানান তিনি।

 

রাজবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আক্তারউজ্জামান বলেন, বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে সিয়াম নিখোঁজ হয়েছিল বলে তিনি শুনেছেন। শনিবার নদীতে তার মরদেহ পাওয়া গেছে। শিশুটির ঘাড়ের পেছনে, মাথা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানতে পেরেছেন তিনি।

 

নেছারাবাদ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত জানান, মরদেহ উদ্ধারের সময় শিশুটির ঘাড়ের পেছনে, পিঠ ও মাথায় জখমের চিহ্ন দেখা গেছে।

 

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, গত ১২ নভেম্বর বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে সিয়াম নিখোঁজ হয়। এ ঘটনায় শুক্রবার থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়। শনিবার সকালে সন্ধ্যা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা আরিফ রাঢীকে থানায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১০:৫২ ● ২০ বার পঠিত