শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে শত শত শিক্ষার্থীর সচেতনতামূলক র্যালি
হোম » খুলনা » কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে শত শত শিক্ষার্থীর সচেতনতামূলক র্যালি
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
বাল্যবিবাহ প্রতিরোধ, কন্যাশিশুর শিক্ষার অধিকার নিশ্চিত ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার আহ্বানে খুলনার কয়রায় সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। পরে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গার্লস ফার্স্ট ফান্ডের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আমাল ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত ‘ফর দ্য পারপাস অব প্রিভেন্টিং অ্যান্ড রেসপন্ডিং টু চাইল্ড ম্যারেজ অ্যান্ড আর্লি ইউনিয়নস’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালিতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া প্রকল্পভুক্ত ২০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শত শত শিক্ষার্থী বাল্যবিবাহবিরোধী প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে র্যালিতে যোগ দেয়। তাদের স্লোগানে মুখর হয়ে ওঠে উপজেলার প্রধান সড়কগুলো।
র্যালি-পরবর্তী বক্তব্যে অতিথিরা বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলে দারিদ্র্য, অসচেতনতা ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে অনেক কিশোরী বাল্যবিবাহের শিকার হচ্ছে। অল্প বয়সে বিয়ের ফলে তাদের শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। একটি বাল্যবিবাহ শুধু একজন কিশোরীর স্বপ্ন থামিয়ে দেয় না, একটি পরিবারের সম্ভাবনাময় ভবিষ্যৎকেও অনিশ্চিত করে তোলে।
তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ। কন্যাশিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা, অভিভাবকদের সচেতন করা এবং স্থানীয় পর্যায়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
গার্লস ফার্স্ট ফান্ডের সহযোগিতায় আমাল ফাউন্ডেশন তৃণমূল পর্যায়ে কিশোরীদের ক্ষমতায়ন ও সুরক্ষায় যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয় উল্লেখ করে অতিথিরা বলেন, সরকারি প্রশাসন, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতারা সম্মিলিতভাবে কাজ করলে কয়রাকে শতভাগ বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
র্যালিতে উপজেলার সর্বস্তরের মানুষ একাত্মতা প্রকাশ করেন। এ সময় আমাল ফাউন্ডেশনের মাঠপর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৫৬:৩৬
