শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৫ কর্মী আটক, থানায় দেখতে এসে আটক আরও ২
হোম » বরিশাল » বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৫ কর্মী আটক, থানায় দেখতে এসে আটক আরও ২
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বরিশালে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাঁদের সঙ্গে থানায় দেখা করতে এসে আটক হয়েছেন আরও দুজন। এ নিয়ে মোট সাতজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরের পর বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকা ও কোতোয়ালি মডেল থানায় এসব ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকার ইমরান, ইমন ও ফাইজ এবং ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার সুমন হাওলাদার, রাকিব সিকদার, আবু বক্কর ও রুমন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাতজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে।
ওসি জানান, শুক্রবার জুমার নামাজের সময় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকায় অ্যাপোলো মেডিকেল কলেজের পেছনে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সুমন হাওলাদার, ইমরান, রাকিব সিকদার, ইমন ও ফাইজকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি ব্যানার ও মাস্ক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা ব্যানারে ‘বাংলাদেশ ছাত্রলীগ, রমনা থানা’ লেখা ছিল। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বরিশালে ব্যানার নিয়ে মিছিলের ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো ঢাকায় অনুষ্ঠিত কর্মসূচির বলে প্রচারের পরিকল্পনা ছিল তাঁদের।
ওসি আরও জানান, প্রথম পাঁচজনকে থানায় নিয়ে আসার পর তাঁদের সঙ্গে দেখা করতে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের আবু বক্কর ও রুমন থানায় আসেন। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাঁদেরও আটক করা হয়।
বাংলাদেশ সময়: ২৩:৩১:৪৫ ● ২০ বার পঠিত
