শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬

৭২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

হোম » ঢাকা » ৭২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬


৭২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলাসাগরকন্যা প্রতিবেদক, ফরিদপুর

 ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের অপসারণকৃত চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে ৭২ লাখ ৩২ হাজার ৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

গত ১১ নভেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরে মামলাটি করা হয়। দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলাটি করেন। এর আগে গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে মামলা করার অনুমোদন দেওয়া হয়।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুদকের নির্দেশে ২০২৩ সালের ১৬ এপ্রিল নিজের ও নির্ভরশীল ব্যক্তিদের স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণী দাখিল করেন শাহাদাৎ হোসেন। সেখানে তিনি মোট ১ কোটি ৫ লাখ ৯ হাজার ৯৮১ টাকার সম্পদের হিসাব দেন।

 

দুদকের অনুসন্ধানে ২০১৩-১৪ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত তাঁর আয়কর রিটার্ন ও অন্যান্য নথিপত্র যাচাই করা হয়। এতে বেতন-ভাতা, কৃষি আয়, ব্যবসা ও অতীতের সঞ্চয়সহ তাঁর বৈধ আয়ের উৎস থেকে মোট ৫৭ লাখ ৫৭ হাজার ৯০০ টাকা পাওয়া যায়। একই সময়ে পারিবারিক ও অন্যান্য ব্যয় ধরা হয় ২৪ লাখ ৮০ হাজার টাকা। ফলে তাঁর নিট সঞ্চয় বা সম্পদ অর্জনের সক্ষমতা দাঁড়ায় ৩২ লাখ ৭৭ হাজার ৯০০ টাকা।

 

অন্যদিকে, তাঁর নামে ১ কোটি ৫ লাখ ৯ হাজার ৯৮১ টাকার সম্পদ পাওয়া যায়। সম্পদ বিবরণীতে কোনো ঋণের তথ্য উল্লেখ করেননি তিনি। দুদকের অনুসন্ধানেও ঋণের কোনো তথ্য মেলেনি। এ অবস্থায় বৈধ আয় ও সম্পদ অর্জনের সক্ষমতার সঙ্গে তাঁর সম্পদের ৭২ লাখ ৩২ হাজার ৮১ টাকার অসংগতি পেয়েছে দুদক।

 

এজাহারে বলা হয়েছে, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ এই সম্পদ অর্জন ও ভোগদখলে রেখে শাহাদাৎ হোসেন দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

 

উল্লেখ্য, শাহাদাৎ হোসেন (৫৭) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাষড়া গ্রামের বাসিন্দা। এর আগে গত ১০ ফেব্রুয়ারি তাঁর স্ত্রী তানিয়া আক্তার ওরফে রুমার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৮৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছিল দুদক।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৩৬ ● ১৪ বার পঠিত