শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬

শতবর্ষে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মিলনমেলায় সাড়ে তিন হাজার প্রাক্তন শিক্ষার্থী

হোম » বরগুনা » শতবর্ষে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মিলনমেলায় সাড়ে তিন হাজার প্রাক্তন শিক্ষার্থী
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬


শতবর্ষে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মিলনমেলায় সাড়ে তিন হাজার প্রাক্তন শিক্ষার্থীসাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

শত বছরের স্মৃতি, ঐতিহ্য আর সহপাঠীদের ফিরে পাওয়ার আনন্দে মুখর বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ। বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে দুই দিনের উদ্‌যাপন। এতে বিভিন্ন ব্যাচের প্রায় সাড়ে তিন হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।

 

ঢাকঢোল বাজিয়ে শোভাযাত্রাটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান। তিনি বলেন, শত বছরের ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের জন্য আজ অত্যন্ত গৌরবের দিন। প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়েছে।

 

শতবর্ষের এই আয়োজনে যোগ দিতে ঢাকা থেকে এসেছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সাবেক শিক্ষক জাহানারা বেগম। শিক্ষার্থীদের কাছে তিনি পরিচিত ছিলেন পুতুল আপা নামে। পড়াশোনা শেষে এই বিদ্যালয়েই ৩৮ বছর শিক্ষকতা করে অবসরে যান তিনি। দীর্ঘদিনের কর্মস্থলে ফিরে আবেগাপ্লুত হয়ে বলেন, ‘প্রাণের টানে ছুটে এসেছি। সবাই একত্র হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। মনে হচ্ছে, আমরা আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি।’

 

দীর্ঘদিন পর সহপাঠীদের দেখা পেয়ে অনেকেই স্মৃতিচারণায় মেতে ওঠেন। শোভাযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে চলে গল্প-আড্ডা। বিদ্যালয়ের আরেক প্রাক্তন শিক্ষার্থী, বরিশাল সরকারি বিএম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও জেলা মহিলা পরিষদের সভাপতি শাহ সাজেদা বলেন, ‘আজকের দিনটি আমাদের স্মৃতিতে সজীব থাকবে। দুই দিন আমরা একসঙ্গে কাটাব, ফিরে যাব কিশোরী জীবনের উচ্ছল দিনগুলোতে।’

 

দুই দিনের এ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণাসহ নানা কর্মসূচি রাখা হয়েছে। শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রকাশ করা হয়েছে একটি স্মরণিকাও।

 

নারী শিক্ষার প্রসারে ঐতিহাসিক বিদ্যাপীঠ

 

বরিশালে নারী শিক্ষার প্রসারের পথ একসময় সহজ ছিল না। ১৮৬৮ সালে ব্রাহ্ম সমাজের উদ্যোগে নারীদের জন্য প্রথম একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হলেও রক্ষণশীল সমাজের অসহযোগিতায় অল্পদিনের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। ১৮৭১ সালে বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক জগদ্বন্ধু রাহা ও কয়েকজন সমাজকর্মীর উদ্যোগে গঠিত ‘নারীকল্যাণ সভা’ মেয়েদের শিক্ষায় উৎসাহিত করতে বার্ষিক পরীক্ষা ও পুরস্কারের ব্যবস্থা করে। তবে সেই উদ্যোগও স্থায়ী হয়নি।

 

এরপর ১৮৭৩ সালে সমাজকর্মী ও শিক্ষানুরাগী শরৎচন্দ্র গুহ কয়েকজনকে সঙ্গে নিয়ে বগুড়া রোডে নিজের জমিতে মেয়েদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি বরিশাল পৌরসভার একাধিকবারের চেয়ারম্যান ছিলেন। ১৯২৩ সালে বিদ্যালয়টি ‘বরিশাল সদর বালিকা উচ্চবিদ্যালয়’ নামে স্থায়ী রূপ পায়। ১৯৪৫ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত এর প্রধান শিক্ষক ছিলেন কবি জীবনানন্দ দাশের পিসি স্নেহলতা দাশ। ১৯৬১ সালে জাতীয়করণের পর প্রতিষ্ঠানটির নাম হয় ‘বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়’।

 

নারী জাগরণ ও শিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ছিলেন ‘ঈশান স্কলার’ শান্তিসুধা ঘোষ (১৯০৭-১৯৯২)।

 

একাত্তরের মুক্তিযুদ্ধেও বিদ্যালয়টির রয়েছে ঐতিহাসিক ভূমিকা। মুক্তিযুদ্ধের শুরুর দিকে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম সচিবালয়। এখান থেকেই মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও যুদ্ধ পরিচালনার জন্য গঠিত হয়েছিল ‘সংগ্রাম পরিষদ’।

 

শতবর্ষ উদ্‌যাপনে আসা প্রাক্তন শিক্ষার্থীদের ভাষ্য, শুধু পাঠদানেই নয়, শিল্প, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রেও বিদ্যালয়টি দেশজুড়ে সুনাম অর্জন করেছে। প্রজন্মের পর প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বাংলাদেশ সময়: ১৯:১১:৪৮ ● ১৭ বার পঠিত