শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ৫ কোটি ৩৬ লাখ টাকার সোনাসহ গ্রেপ্তার এক ব্যক্তি

হোম » চট্টগ্রাম » চট্টগ্রামে ৫ কোটি ৩৬ লাখ টাকার সোনাসহ গ্রেপ্তার এক ব্যক্তি
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬


চট্টগ্রামে ৫ কোটি ৩৬ লাখ টাকার সোনাসহ গ্রেপ্তার এক ব্যক্তিসাগরকন্যা প্রতিবেদক, চট্টগ্রাম

 

চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম সোনাসহ সুধীর কুমার ধর (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেটসংলগ্ন পশ্চিম পাশে আকবরশাহ থানা পুলিশের চেকপোস্টে এ অভিযান চালানো হয়। শুক্রবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার ও সোনা উদ্ধারের তথ্য জানায় আকবরশাহ থানা পুলিশ।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্টে অভিযান চালায়। এ সময় উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। চোরাকারবারি চক্রের সদস্য সন্দেহে সুধীর কুমার ধরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম সোনা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার সুধীর কুমার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকার ননী গোপাল ধরের ছেলে।

 

এ ঘটনায় বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে আকবরশাহ থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি) ধারায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৪৫:৩৩ ● ২১ বার পঠিত