শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
মেঘনার তীরে বেতুয়া প্রশান্তি পার্কে নতুন আকর্ষণ ‘ভালোবাসার চরফ্যাশন’
হোম » ভোলা » মেঘনার তীরে বেতুয়া প্রশান্তি পার্কে নতুন আকর্ষণ ‘ভালোবাসার চরফ্যাশন’
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
মেঘনার তীরে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বেতুয়া প্রশান্তি পার্কে যুক্ত হয়েছে নতুন আকর্ষণ ‘ভালোবাসার চরফ্যাশন’। ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের উদ্যোগে পার্কটিতে নান্দনিক এ সংযোজন করা হয়েছে। নতুন সাজে পার্কটি ঘিরে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চরফ্যাশনের পর্যটন সম্ভাবনাকে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মেঘনার অপরূপ প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে নান্দনিক পরিবেশের সংযোজন পার্কটির সৌন্দর্য ও আকর্ষণ বাড়িয়েছে।
ইউএনও রুমানা আফরোজ বলেন, সঠিক রক্ষণাবেক্ষণের পাশাপাশি আধুনিক ও পর্যটকবান্ধব সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে বেতুয়া প্রশান্তি পার্ক আগামী দিনে দেশের অন্যতম বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।
মেঘনার বুকে সূর্যাস্তের মনোরম দৃশ্য, নদীর মৃদু বাতাস আর গ্রামীণ পরিবেশের প্রশান্তি উপভোগ করতে প্রতিদিন পার্কটিতে ভিড় করছেন শত শত দর্শনার্থী। এর মধ্যে নতুন সংযোজন ‘ভালোবাসার চরফ্যাশন’ কর্নারটি ছবি ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
স্থানীয় দর্শনার্থী ও সচেতন মহলের মতে, পার্কটির নতুন এই রূপ প্রশংসনীয়। তবে এর সৌন্দর্য ও আকর্ষণ ধরে রাখতে নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ প্রয়োজন। একই সঙ্গে পার্কটিকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব করে গড়ে তোলা গেলে চরফ্যাশনের পর্যটন বিকাশের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
বাংলাদেশ সময়: ১৫:২৭:১১ ● ২১ বার পঠিত
