বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬

আগৈলঝাড়ায় শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত জনজীবন

হোম » আবহাওয়া » আগৈলঝাড়ায় শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত জনজীবন
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬


 

আগৈলঝাড়ায় শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত জনজীবন

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের আগৈলঝাড়ায় বুধবার সন্ধ্যায় আকস্মিক শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়া ও ঘন ঘন বজ্রপাতে জনজীবনে ভোগান্তি দেখা দেয়। সন্ধ্যার দিকে আকাশ কালো মেঘে ঢেকে যাওয়ার পর শুরু হয় বৃষ্টি ও শিলাবৃষ্টি। একই সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া ও মুহুর্মুহু বজ্রপাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

 

আকস্মিক আবহাওয়ার পরিবর্তনে বিপাকে পড়েন পথচারী, কর্মজীবী মানুষসহ বিভিন্ন প্রয়োজনে ঘরের বাইরে থাকা লোকজন। বৃষ্টি ও শিলাবৃষ্টির মধ্যে অনেককে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে দেখা যায়। ঝোড়ো বাতাস ও বজ্রপাতের বিকট শব্দে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়।

 

কিছুক্ষণের এই দুর্যোগে এলাকার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়। বিশেষ করে খোলা জায়গায় থাকা মানুষ ও যানবাহন চলাচলকারীরা বেশি দুর্ভোগে পড়েন।

 

শিলাবৃষ্টি ও ঝোড়ো বাতাসে ফসল, গাছপালা ও ঘরবাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে বজ্রপাতের ঝুঁকি এড়াতে খোলা মাঠ, ফসলের জমি ও জলাশয় থেকে দূরে থেকে নিরাপদ পাকা স্থাপনায় আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ৭:০৬:৫১ ● ১৯ বার পঠিত