রবিবার ● ৮ নভেম্বর ২০২৬

বরগুনায় নিবন্ধন ছাড়াই মবিল প্যাকেজিং, প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

হোম » বরগুনা » বরগুনায় নিবন্ধন ছাড়াই মবিল প্যাকেজিং, প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
রবিবার ● ৮ নভেম্বর ২০২৬


 

বরগুনায় নিবন্ধন ছাড়াই মবিল প্যাকেজিং, প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনা শহরের বিসিক শিল্পনগরীতে প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই ইঞ্জিন অয়েল ও মবিল প্যাকেজিংয়ের অভিযোগে ‘গেইন সুপার’ নামের একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় ৩ লাখ ৪১ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

 

রবিবার (৮ নভেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।

 

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর তাজওয়ার। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক আশিকুর রহমান।

 

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই নিজস্ব ‘গেইন সুপার’ ব্র্যান্ডের নামে বিভিন্ন আকারের ব্যারেল, বোতল ও বালতিতে ইঞ্জিন অয়েল ও মবিল মোড়কজাত করে আসছিল। এসব পণ্যের মোড়কে মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ ও উৎপাদনস্থলের নামসহ বাধ্যতামূলক তথ্য উল্লেখ করা হয়নি। এতে পণ্যের মান, উৎস ও সঠিক পরিমাপ নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি ভোক্তাদের প্রতারিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

অভিযানকালে ৮৪ কার্টন খালি কালো ক্যান, ৬০ কার্টন খালি কমলা ক্যান, ১৩০টি খালি ব্যারেল, ১৫০টি খালি বালতি এবং ৫ ও ১ লিটারের মোট ২৪টি মবিলের বোতল জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪১ হাজার ১০০ টাকা। জব্দ করা মালামাল বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে। এছাড়া ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

 

জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণা, অনিয়ম ও নিম্নমানের পণ্য বাজারজাতের বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। কোনো প্রতিষ্ঠানই আইন ও বিধিবিধানের ঊর্ধ্বে নয়। জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় অবৈধভাবে পণ্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:৫৮:০১ ● ১৩ বার পঠিত