বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
২০ বছর পর বাগেরহাটে যাচ্ছেন তারেক রহমান, মাজার জিয়ারত ঘিরে প্রস্তুতি
হোম » খুলনা » ২০ বছর পর বাগেরহাটে যাচ্ছেন তারেক রহমান, মাজার জিয়ারত ঘিরে প্রস্তুতি
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
দীর্ঘ ২০ বছর পর বাগেরহাট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৫ নভেম্বর তিনি বাগেরহাটে এসে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শহরসহ বিভিন্ন এলাকায় চলছে প্রচার-প্রচারণা ও প্রস্তুতি।
এর আগে ২০০৬ সালে বাগেরহাটের খানজাহান আলী কলেজ মাঠে ছাত্রদলের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছিলেন তারেক রহমান। সে সময় তাঁর মা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। বিএনপির সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক সফরের অংশ হিসেবে তিনি বাগেরহাটে এসেছিলেন। ওই সম্মেলনে ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন তিনি।
পরবর্তী সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে দীর্ঘদিন প্রবাসে ছিলেন তারেক রহমান। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার কয়েক দিনের মধ্যে তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। পরে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন জেলায় সাংগঠনিক ও রাষ্ট্রীয় সফরের ধারাবাহিকতায় এবার বাগেরহাটে যাচ্ছেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা ছাত্রদল ও যুবদলসহ বিভিন্ন সংগঠন পৃথকভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছে। ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ, আনন্দ মিছিল ও গণসংযোগ করা হচ্ছে। একইভাবে যুবদলের নেতাকর্মীরাও আনন্দ মিছিল ও প্রচারণার মাধ্যমে সফরকে স্বাগত জানাচ্ছেন।
এ ছাড়া জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেনের পক্ষ থেকেও সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রীর আগমনের বার্তা পৌঁছে দিতে পৃথক টিম কাজ করছে।
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ২১ বছর আগে খানজাহান আলী কলেজ মাঠে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে তারেক রহমানের খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছিল। দীর্ঘ সময় পর আবারও তাঁর বাগেরহাটে আসা তাঁদের জন্য অত্যন্ত আনন্দের। এই সফর ঘিরে যুবদলের নেতাকর্মীদের মধ্যে বিশেষ উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেন, ‘তারেক রহমান শুধু আমাদের প্রধানমন্ত্রী নন, তিনি আমাদের দলের অভিভাবক। তাঁর আগমনকে কেন্দ্র করে বাগেরহাটের সব পর্যায়ের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। আশা করছি, তাঁর আগমনকে ঘিরে গোটা বাগেরহাট জনস্রোতে পরিণত হবে।’
জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেল বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সফর সফল করতে তাঁরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন।
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আল মামুন বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বাগেরহাট শহর নেতাকর্মী ও সাধারণ মানুষের মিলনমেলায় পরিণত হবে বলে তাঁরা আশা করছেন।
বাংলাদেশ সময়: ১৭:০৬:২৫ ● ২৪ বার পঠিত
