বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল
হোম » পায়রা বন্দর » ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
৬২ হাজার ১০০ মেট্রিক টন কয়লা নিয়ে পটুয়াখালীর পায়রা বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে সাড়ে ১৩ মিটার ড্রাফটের একটি মাদার ভ্যাসেল। সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটির আগমনের মধ্য দিয়ে বড় আকারের জাহাজ পরিচালনা ও পণ্য পরিবহনে পায়রা বন্দরের সক্ষমতার বিষয়টি আবারও সামনে এসেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে ‘এমভি এমবিএস তাইসি’ নামের জাহাজটি বন্দরের নির্ধারিত বহির্নোঙরে এসে নোঙর করে। ১৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের জাহাজটি গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে।
জাহাজের কয়লা পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে। কয়লা খালাসের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রটির জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান জানান, মঙ্গলবার রাতে মাদার ভ্যাসেলটি নির্বিঘ্নে বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে। বুধবার (৪ নভেম্বর) থেকে কয়লা খালাসের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। প্রথমে জাহাজটির অর্ধেকের বেশি কয়লা খালাস করা হবে। পরে জাহাজটি টার্মিনালে এনে বাকি কয়লা খালাস করা হবে।
তিনি আরও জানান, এখন থেকে পায়রা বন্দরে ধারাবাহিকভাবে বড় জাহাজ আসবে। এতে বন্দরের পণ্য পরিবহন কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে পায়রা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ১৬:৪৮:৩০ ● ২৫ বার পঠিত
