বুধবার ● ৪ নভেম্বর ২০২৬

ঋণের চাপে অলৌকিক কবরের নাটক, প্রশাসনের কাছে প্রতারণার কথা স্বীকার

হোম » বরিশাল » ঋণের চাপে অলৌকিক কবরের নাটক, প্রশাসনের কাছে প্রতারণার কথা স্বীকার
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬


ঋণের চাপে অলৌকিক কবরের নাটক, প্রশাসনের কাছে প্রতারণার কথা স্বীকারসাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের আগৈলঝাড়ায় বসতঘরের মেঝেতে নিজেরাই কবর তৈরি করে সেটিকে অলৌকিক বলে প্রচার করার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঋণের চাপ থেকে মুক্তি পেতে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে কবরটি তৈরি করেছিলেন বলে প্রশাসনের কাছে স্বীকার করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের অভিযানে তাদের দিয়েই কবরটি ভেঙে অপসারণ করা হয়।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে ঘরের মেঝেতে তৈরি করা কবরটিকে ঘিরে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি কয়েকটি স্যাটেলাইট টেলিভিশনেও ঘটনাটি নিয়ে বিভিন্ন তথ্য প্রচারিত হয়। কথিত অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল ও আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তাদের দিয়েই তৈরি করা কবরটি ভেঙে অপসারণ করা হয়।

 

অভিযানকালে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রশাসনকে জানান, তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। ঋণের চাপ থেকে মুক্তি পেতে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার পরিকল্পনা করেন। এর অংশ হিসেবে নিজেরাই ঘরের মেঝেতে কবর তৈরি করে সেটিকে ঘিরে রহস্য ও অলৌকিকতার প্রচার চালান। বিভ্রান্তিকর তথ্য ছড়ানোও ভুল হয়েছে বলে তারা স্বীকার করেন।

 

এদিকে, যাচাই-বাছাই ছাড়া কোনো অস্বাভাবিক ঘটনা বা অলৌকিক দাবির তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, এ ধরনের ভিত্তিহীন প্রচার সাধারণ মানুষের মধ্যে অযথা কৌতূহল, আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

বাংলাদেশ সময়: ৭:৪৪:৩১ ● ২৯ বার পঠিত