মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
সীমান্ত হত্যা বন্ধে অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বিজিবি-বিএসএফ
হোম » খুলনা » সীমান্ত হত্যা বন্ধে অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বিজিবি-বিএসএফ
সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল
সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে বৈঠক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৈঠকে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই বাহিনী তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল (আইজি) পর্যায়ে এ সৌজন্য সাক্ষাৎ ও সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবির ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। অন্যদিকে বিএসএফের সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল দলজিত সিং।
বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনায় সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ আলোচনাকে ফলপ্রসূ ও গঠনমূলক বলে অভিহিত করে।
এ সময় সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, যেকোনো উদ্ভূত পরিস্থিতি পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার মাধ্যমে মোকাবিলা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠক শেষে উভয় পক্ষ আশা প্রকাশ করে, আলোচনায় উঠে আসা বিষয় ও গৃহীত সিদ্ধান্ত সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে বৈঠকটি শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৭:১৭:৩৮ ● ১৮ বার পঠিত
