মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
গলাচিপা-রাঙ্গাবালী সীমান্তে জমির দখল নিয়ে সংঘর্ষ, আহত ৪
হোম » পটুয়াখালী » গলাচিপা-রাঙ্গাবালী সীমান্তে জমির দখল নিয়ে সংঘর্ষ, আহত ৪
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার সীমানা-সংলগ্ন একটি জমির দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রাব্বি নামে এক যুবক গুরুতর আহতসহ চারজন আহত হয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা ও রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন গ্রামের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমানা-সংলগ্ন একটি জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা গ্রামের বাসিন্দারা জমিটি নিজেদের এলাকার বলে দাবি করেন। অন্যদিকে, চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন গ্রামের বাসিন্দারাও জমিটি নিজেদের সীমানার মধ্যে বলে দাবি করেন।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে জড়ো হন। পরে তাঁদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে চরবিশ্বাস ইউনিয়নের সবুজ প্যাদার ছেলে রাব্বিসহ চারজন আহত হন। গুরুতর আহত রাব্বিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সবুজ প্যাদা অভিযোগ করে বলেন, মোহাম্মদ জাকির মাতুব্বর ও মোহাম্মদ মোশারফ দালালের নেতৃত্বে তাঁদের ওপর হামলা হয়েছে।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে মোহাম্মদ জাকির মাতুব্বর ও মোহাম্মদ মোশারফ দালাল বলেন, ‘ওই জায়গা আমাদের।’
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি। আমাদের এডিএম স্যারকে জানানো হয়েছে।’
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান বলেন, ‘আমরা ঘটনাটি এইমাত্র শুনেছি। তবে বিস্তারিত দেখছি।’
জমিটির প্রকৃত সীমানা ও মালিকানা নির্ধারণ এবং বিরোধ নিষ্পত্তিতে সংশ্লিষ্ট প্রশাসনের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১৪:৪০:৩৬ ● ১৯ বার পঠিত
