সোমবার ● ২ নভেম্বর ২০২৬

থ্রি-হুইলার বন্ধের দাবিতে বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ

হোম » বরিশাল » থ্রি-হুইলার বন্ধের দাবিতে বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ
সোমবার ● ২ নভেম্বর ২০২৬


থ্রি-হুইলার বন্ধের দাবিতে বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধসাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

সড়কে থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন বাসমালিক ও শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী। বাধ্য হয়ে তাঁদের অনেকে মোটরসাইকেল ও রিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চরকাউয়া বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজার রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। এসব রুটে প্রতিদিন গড়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।

 

বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প যানবাহনে যাতায়াত করতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। কয়েক দিন পরপর বাস চলাচল বন্ধের ঘটনায় ক্ষোভ জানিয়ে তাঁরা বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

যাত্রী সোহরাব হোসেন হাওলাদার বলেন, তিনি বরিশাল থেকে নেহালগঞ্জ যাবেন। কিন্তু বাস বন্ধ থাকায় বিকল্প পথে যেতে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে।

 

আমেনা খাতুন নামের আরেক যাত্রী বলেন, গন্তব্যে যাওয়ার জন্য বের হয়ে টার্মিনালে এসে দেখেন বাস চলাচল বন্ধ। এখন বিকল্প পথে যেতে তাঁকে অতিরিক্ত ভাড়া গুনতে হবে।

 

এর আগে রবিবার (১ নভেম্বর) চরকাউয়া বাস টার্মিনালে বাস, থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশার মালিকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ সময় সড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবি জানান বাসমালিক ও শ্রমিকরা। তাঁদের অভিযোগ, থ্রি-হুইলারের কারণে বাস দুর্ঘটনা বাড়ছে। বাসের সঙ্গে পাল্লা দিয়ে এসব যান চলাচল করায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। দ্রুত সড়ক থেকে থ্রি-হুইলার সরিয়ে নেওয়ার দাবি জানান তাঁরা।

 

চরকাউয়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. স্বপন হোসেন বলেন, সোমবার সকাল থেকে তাঁরা বাস চালানোর চেষ্টা করলেও থ্রি-হুইলার ও অটোরিকশার চালকরা চলাচলে বাধা দিচ্ছেন। এ সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

 

অন্যদিকে, বিক্ষুব্ধ থ্রি-হুইলার ও অটোরিকশার চালকদের দাবি, তাঁরা নিয়ম মেনেই ছোট যানবাহন চালাচ্ছেন। কিন্তু বাসচালকরা ইচ্ছাকৃতভাবে কয়েক দিন পরপর তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে হয়রানি করছেন।

বাংলাদেশ সময়: ২১:৪৪:২০ ● ২৮ বার পঠিত