রবিবার ● ১ নভেম্বর ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৮

হোম » বিশ্ব » গাজায় ইসরায়েলি হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৮
রবিবার ● ১ নভেম্বর ২০২৬


গাজায় ইসরায়েলি হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৮সাগরকন্যা ইন্টারন্যাশনাল ডেস্ক

 

গাজা উপত্যকায় পৃথক দুটি ইসরায়েলি বিমান হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তাসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার গাজার স্বাস্থ্যকর্মী ও হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

 

হতাহতদের মধ্যে গাজা নগরীতে নিহত হয়েছেন তিনজন। অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পশ্চিম এলাকায় ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচ পুলিশ কর্মকর্তা।

 

চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, গাজা নগরীতে চালানো বিমান হামলায় তিনজন নিহত হন। তবে হামলার লক্ষ্যবস্তু বা নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, খান ইউনিসে কয়েকজন সশস্ত্র যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। গাজা নগরীতে চালানো হামলা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী।

 

এক বছর ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামাস পুনর্গঠিত হচ্ছে এবং হামলা চালাচ্ছে বলে অভিযোগ ইসরায়েলের। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গত কয়েক সপ্তাহে গোষ্ঠীটির ওপর হামলার মাত্রা বাড়িয়েছে দেশটি। তবে নতুন করে হামলা চালানো কিংবা যুদ্ধের অস্ত্র সংগ্রহের অভিযোগ অস্বীকার করেছে হামাস। গাজা শান্তি চুক্তি লঙ্ঘনের জন্য বরং ইসরায়েলকে দায়ী করেছে গোষ্ঠীটি।

 

গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিতে গাজা উপত্যকা পুনর্গঠনের পরিকল্পনা ছিল। তবে হামাসের অস্ত্র সমর্পণ এবং উপত্যকার প্রায় দুই-তৃতীয়াংশ ভূখণ্ড নিয়ন্ত্রণকারী ইসরায়েলি বাহিনীর সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা ব্যর্থ হয়েছে। ফলে পুনর্গঠন কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ইসরায়েল নিয়ন্ত্রিত এসব এলাকা থেকে সাধারণ বাসিন্দাদের আগেই সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

 

গাজার ২০ লাখের বেশি বাসিন্দার প্রায় সবাই এখন উপত্যকার অবশিষ্ট এক-তৃতীয়াংশ এলাকায় আশ্রয় নিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তূপের মধ্যে অস্থায়ী তাঁবু ও ক্ষতিগ্রস্ত বাড়িঘরে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা। এসব এলাকায় এখনো হামাসের কার্যকর নিয়ন্ত্রণ রয়েছে।

 

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত দেড় হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের দাবি, একই সময়ে তাদের চার সেনা নিহত হয়েছেন।

 

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হওয়ার পর গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এরপর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১:৩২:০২ ● ২৩ বার পঠিত