শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬

চরফ্যাশনে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

হোম » ভোলা » চরফ্যাশনে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬


 

চরফ্যাশনে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে নিজ বসতঘর থেকে পিয়ল (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার স্থানীয় এক কৃষকের ছেলে।

 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে স্থানীয় মসজিদে যান। নামাজ শেষে বাড়িতে ফিরে ঘরের ভেতর পিয়লকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে শশীভূষণ থানা পুলিশকে খবর দেওয়া হয়।

 

তবে পিয়লের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়েও পরিবার ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি।

 

খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ।

 

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সে অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

যুবকের এমন রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে।

বাংলাদেশ সময়: ১৭:১৮:৪৬ ● ১৫ বার পঠিত