শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
মোংলায় ৩৬ ঘণ্টা পর জেলের জালে মিলল নিখোঁজ জেলে মেহেদীর মরদেহ
হোম » জেলে-মৎস্য » মোংলায় ৩৬ ঘণ্টা পর জেলের জালে মিলল নিখোঁজ জেলে মেহেদীর মরদেহ
![]()
সাগরকন্যা প্রতিনিধি, বাগেরহাট
বঙ্গোপসাগরের দুবলার চরে যাওয়ার পথে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর মৌসুমি জেলে মেহেদীর (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বাগেরহাটের মোংলার চিলা বাজার এলাকায় স্থানীয় জেলেদের জালে আটকে যায় তাঁর মরদেহ।
নিহত মেহেদী বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের ফয়লা বাজার এলাকার বাসিন্দা।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী মামুন শেখ ও ফোরকান শেখ জানান, শুক্রবার বিকেলে চিলা বাজারসংলগ্ন নদীতে জেলেরা জাল ফেললে মরদেহটি জালে আটকে যায়। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে চাঁদপাই নৌ পুলিশ ফাঁড়িতে জানানো হয়।
চিলা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আজাদুল ইসলাম জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারে স্থানীয়রাও চেষ্টা চালাচ্ছিলেন। এর মধ্যে জেলেদের জালে মরদেহটি আটকে গেলে সেটি পাওয়া যায়।
চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান জানান, খবর পেয়ে নৌ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। বিকেল সাড়ে ৫টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে দুবলার চরের শুঁটকিপল্লির উদ্দেশে যাওয়ার পথে সিন্দুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। ট্রলার নদীর তীরে নোঙর করা অবস্থায় দাঁত ব্রাশ করতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন মেহেদী। দিনভর মোংলা ও খুলনার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তাঁর সন্ধান পায়নি।
এদিকে শুক্রবার বিকেলে জেলেদের জালে মরদেহ উদ্ধারের বিষয়টি তাদের জানা নেই বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:০১:০৩ ● ২৬ বার পঠিত
