বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬

মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলা: ইন্দুরকানী থানার এসআই ইসমাইল কারাগারে

হোম » পিরোজপুর » মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলা: ইন্দুরকানী থানার এসআই ইসমাইল কারাগারে
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬


 

মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলা: ইন্দুরকানী থানার এসআই ইসমাইল কারাগারে

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

 

মাগুরার শালিখা উপজেলায় বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় পিরোজপুরের ইন্দুরকানী থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার সাবেক পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার নাথকেও কারাগারে পাঠানো হয়েছে।

 

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় তাঁদের মাগুরার শালিখা আমলি আদালতে হাজির করা হলে বিচারক বর্ণালী রানী জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে ইন্দুরকানী থানায় কর্মরত অবস্থায় এসআই ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় বিপ্লব কুমার নাথকেও গ্রেপ্তার করে মাগুরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা দুজনই এ মামলার এজাহারভুক্ত আসামি।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসমাইল হোসেন মাগুরার শালিখা থানার একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন। তিনি ইন্দুরকানী থানায় কর্মরত ছিলেন।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানকে তাঁর বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। ওই সময় শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বে ছিলেন বিপ্লব কুমার নাথ এবং উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন ইসমাইল হোসেন। অভিযোগে বলা হয়েছে, হত্যার ঘটনাটি সে সময় ‘ক্রসফায়ার’ হিসেবে দেখানো হয়েছিল।

 

দীর্ঘদিন পর নিহত মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম ২০২৪ সালের ১ অক্টোবর আদালতে হত্যা মামলা করেন। মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ, এসআই ইসমাইল হোসেনসহ কয়েকজনকে আসামি করা হয়। পরে আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা নিতে শালিখা থানাকে নির্দেশ দেন।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামরুজ্জামান জানিয়েছেন, বিপ্লব কুমার নাথ ও ইসমাইল হোসেন এ মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাঁদের আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৯:৩১:৫০ ● ২৯ বার পঠিত