সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের থেকে মো. নুর ইসলাম ফকির (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার রাত ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদরপুর এলাকার একটি মাছের ঘের থেকে ডুবন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত নুর ইসলাম একই ইউনিয়নের সদরপুর গ্রামের বাসিন্দা। তাঁর জন্মস্থান কলাপাড়া পৌরশহরে। তাঁর বাবার নাম মো. হযরত আলী। বিয়ের পর শ্বশুরবাড়ির এলাকায় বাড়ি করে বসবাস করতেন তিনি।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে নিজের সবজিখেতে থাকা মাছের ঘেরে পানি সেচ দিতে যান নুর ইসলাম। সেচকাজ চলাকালে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি পানিতে পড়ে ডুবে যান।
রাতে পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তাঁর স্ত্রী নুরবানু (৪৫) সবজিখেতে গিয়ে পানি সেচের মোটর দেখতে পান। পরে তিনি স্বজনদের খবর দেন। স্বজনেরা এসে পানিতে তল্লাশি চালানোর সময় নুর ইসলামের শরীরের স্পর্শ তাঁদের পায়ে লাগলে তাঁরা ভয়ে পানি থেকে উঠে আসেন।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর পুলিশ প্রয়োজনীয় অনুমতি দিলে ফায়ার ফাইটার মেহেদী ও হাসান ঘেরের গভীর তলদেশ থেকে নুর ইসলামের লাশ উদ্ধার করেন।
নুর ইসলাম তিন ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। পরিবারের সদস্যদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় ঘটনাস্থল থেকে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বাংলাদেশ সময়: ১৫:১৭:২০ ● ২৬ বার পঠিত
