শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
ফলোআপ- আমতলীতে পুলিশ তালা খুলতেই ফের স্টল দখলের অভিযোগ
হোম » বরগুনা » ফলোআপ- আমতলীতে পুলিশ তালা খুলতেই ফের স্টল দখলের অভিযোগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে মোহাম্মদপুর মাহমুদিয়া দাখিল মাদ্রাসার একটি স্টল পুলিশ দখলমুক্ত করার এক ঘণ্টা পর ফের দখলের অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিকদলের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান সরদারের বিরুদ্ধে। শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ স্টলের তালা খুলে দেওয়ার পর এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের।
এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন মাদ্রাসার শিক্ষকরা। স্টলটি দখলমুক্ত রাখা এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
জানা গেছে, ২০১০ সালে আমতলী উপজেলার মোহাম্মদপুর মাহমুদিয়া দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ নিজেদের জমিতে মানিকঝুড়ি স্ট্যান্ডে সাতটি স্টল নির্মাণ করে। এরপর থেকে স্টলগুলো ভাড়া দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। গত ১ আগস্ট মাদ্রাসা ভবনের সামনে থাকা একটি স্টল ব্যবসায়ী মো. সফিকুল ইসলাম রিপন তালুকদারকে ভাড়া দেওয়া হয়। সেখানে তিনি পশু ও মাছের খাদ্য বিক্রি করে আসছিলেন।
গত বুধবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. জসিম উদ্দিন হাওলাদারের নির্দেশে উপজেলা শ্রমিকদলের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান সরদার স্টলটিতে তালা দেন বলে অভিযোগ ওঠে। এতে ব্যবসায়ী রিপন তালুকদারের প্রায় পাঁচ লাখ টাকার পশু ও মাছের খাদ্য আটকা পড়ে। বন্ধ হয়ে যায় তাঁর ব্যবসায়িক কার্যক্রম।
এ ঘটনায় মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের শুক্রবার আমতলী থানায় লিখিত অভিযোগ দেন। শনিবার এ নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্টলের তালা খুলে দেয়। তবে পুলিশ চলে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর শাহজাহান সরদার আবার স্টলটি দখল করে সেখানে মালামাল রাখেন বলে অভিযোগ করেন মাদ্রাসার সুপার।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের স্টল নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কিছু নেতার এমন কর্মকাণ্ড অনভিপ্রেত। তাঁরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে স্টল দখলের অভিযোগ অস্বীকার করেছেন শাহজাহান সরদার। তিনি বলেন, ‘উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির ঘটনাস্থলে এসেছিলেন। তিনি বিষয়টি মীমাংসা করে দেবেন বলে মালামাল ঘরে রাখা হয়েছে, যাতে সেগুলো নষ্ট না হয়।’
মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের বলেন, ‘পুলিশ মাদ্রাসার স্টল দখলমুক্ত করে যাওয়ার এক ঘণ্টা পরই শ্রমিকদল নেতা শাহজাহান সরদার স্টলে মালামাল রেখে আবার দখল করেছেন। আমি তাঁকে নিষেধ করেছিলাম, কিন্তু তিনি শোনেননি।’ তিনি আরও বলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকিরকে শাহজাহানের মালামাল স্টলে না রেখে মাদ্রাসায় রাখার অনুরোধ করেছিলেন। কিন্তু তিনিও তাঁর অনুরোধ রাখেননি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘পুলিশ পাঠিয়ে মাদ্রাসার স্টল দখলমুক্ত করা হয়েছে। এরপর কী হয়েছে, তা আমার জানা নেই।’
বাংলাদেশ সময়: ১৮:৪৭:২৭ ● ২৪ বার পঠিত
