শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬

আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধে ইউএনওর নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধে ইউএনওর নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬


 

আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধে ইউএনওর নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার পয়সারহাট বাজারসংলগ্ন বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে বিভিন্ন সংগঠনের সদস্য, বাজারের ব্যবসায়ী এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় পয়সারহাট বাজারের স্টলঘরসহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন কার্যক্রম চালানো হয়।

 

অভিযানে অংশ নেওয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সম্মিলিতভাবে ময়লা-আবর্জনা অপসারণ করেন। দীর্ঘদিন অপরিচ্ছন্ন থাকা স্থানগুলো পরিষ্কারের মাধ্যমে পরিবেশকে চলাচলের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়।

 

পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মানবাধিকারবিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোক্তাদির হোসেন তরু; বাকাল ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম সরদার ও যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী ফকির; উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক তারেক ফকির; ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল সিকদার; আগৈলঝাড়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হাসান; ছাত্রদল নেতা খাইরুল ইসলাম, সাকিব, বাবু ও নাদিম এবং বাজার কমিটির হানিফ ও বেলায়েত হোসেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল, বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অভিযানে অংশ নেন।

 

অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের নিজেদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান ইউএনও নিরুপম মজুমদার। বিশেষ করে যেসব স্থানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, প্রশাসনের পাশাপাশি সামাজিক, স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনগুলো সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিলে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি উপজেলার পরিবেশও সুন্দর ও স্বাস্থ্যকর রাখা সম্ভব হবে।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:২০:২৪ ● ২৭ বার পঠিত