শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬

বামনায় ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হোম » রাজনীতি » বামনায় ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬


 

বামনায় ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)

 

বরগুনার বামনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে পৃথক স্থানে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

শুক্রবার সন্ধ্যার পর উপজেলা সদর ও সোনাখালী বাজার এলাকায় দুই ধাপে এসব কর্মসূচি পালন করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে বামনা ফায়ার সার্ভিস স্টেশনসংলগ্ন মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা আকস্মিক মিছিল বের করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বামনায় এটিই ছিল সংগঠনটির প্রথম প্রকাশ্য কর্মসূচি বলে জানা গেছে। মিছিল থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

 

খবর পেয়ে বামনা থানা-পুলিশ অভিযান চালালে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে অভিযান চালিয়ে উপজেলা সদরের গাজীরপুল এলাকা থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে সন্ধ্যার পর বামনা সদর উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির জোমাদ্দারের নেতৃত্বে উপজেলা সদরে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। এতে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

একই সময়ে বামনা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব আব্দুর রহমান মল্লিকের নেতৃত্বে সোনাখালী বাজার এলাকায় আরেকটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানেও উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে ছাত্রলীগের মিছিলের নিন্দা ও প্রতিবাদ জানান।

 

কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপি নেতাকর্মীরা বলেন, বামনার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।

 

এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে বামনা থানা সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২:২৬:৫১ ● ৩২ বার পঠিত