মেহেন্দিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় মন্দির পরিদর্শনে ওসি মমিন

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় মন্দির পরিদর্শনে ওসি মমিন
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬


 

মেহেন্দিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় মন্দির পরিদর্শনে ওসি মমিন

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

 

বরিশালের মেহেন্দিগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদসংলগ্ন শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেন। এ সময় মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আলোকসজ্জা ও সিসি ক্যামেরা সচল আছে কি না, তা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি কোনো অসংগতি দেখা দিলে তাৎক্ষণিক থানায় জানানোর নির্দেশ দেন।

 

ওসি মো. মমিন উদ্দিন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যাতে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসারের সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পাশাপাশি সাদাপোশাকেও পুলিশের নজরদারি থাকবে। পূজাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।

 

তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা সবার।’ উৎসব নির্বিঘ্ন করতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।

 

বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের নেতা সাংবাদিক সঞ্জয় গুহ জানান, এ বছর মেহেন্দিগঞ্জ উপজেলায় ২৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশের টহল ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ওসি মমিন উদ্দিনের নেতৃত্বে পুলিশের নিয়মিত মন্দির পরিদর্শনে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:২০:৪১ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ