বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

হোম » জেলে-মৎস্য » চরফ্যাশনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬


 

চরফ্যাশনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

ভোলার চরফ্যাশনে মা ইলিশ ধরার সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় দুই জেলেকে ১৬ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আটক দুই অপ্রাপ্তবয়স্ক জেলেকে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

বুধবার (১৪ অক্টোবর) চরফ্যাশনের বেতুয়ার কাছে মেঘনা নদীতে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’-এর আওতায় পরিচালিত অভিযানে ছয় জেলেকে আটক করা হয়।

 

অভিযানকালে একটি নৌকা, ১৮ হাজার মিটার অবৈধ মাছ ধরার জাল এবং ১৫ কেজি মাছ জব্দ করা হয়। পরে মুচলেকা নিয়ে নৌকাটি ছেড়ে দেওয়া হয়। জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয় এবং মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

 

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা প্রশাসন জানায়, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বাড়াতে নদীতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, ‘মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে উপজেলা প্রশাসন সক্রিয় রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে মাছ ধরলে যে কারও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইলিশের প্রজনন রক্ষায় জেলে ও সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানাই।’

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ‘নদীতে মা ইলিশ রক্ষার অভিযান অব্যাহত রয়েছে। ইলিশের প্রজনন মৌসুমে জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

বাংলাদেশ সময়: ৯:৪৬:৪৪ ● ২৭ বার পঠিত