সোমবার ● ১২ অক্টোবর ২০২৬

বেতাগীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

হোম » বরগুনা » বেতাগীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬


 

বেতাগীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)

 

স্বাবলম্বী পরিবার গঠন, নারীর আর্থিক ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহের পদ্ধতি, লক্ষ্য ও প্রক্রিয়া সম্পর্কে জানাতে বরগুনার বেতাগীতে অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১২ অক্টোবর) বিকেলে বেতাগী উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জলিলুর রহমান খান নান্না, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. নুরুল ইসলাম পান্না, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান পান্না এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

 

সভায় বক্তারা ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত যোগ্য পরিবারপ্রধানদের শনাক্ত করা সম্ভব হবে। এ জন্য তথ্য সংগ্রহকারী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন, স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক এ ধরনের কর্মসূচি বাস্তবায়নে সঠিক তথ্য সংগ্রহ ও প্রশাসনিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য সংগ্রহের প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে।

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে পরিবারভিত্তিক নির্ভুল তথ্য সংগ্রহ অপরিহার্য। সংগৃহীত তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে। তাই তথ্য সংগ্রহকারীদের নির্ধারিত পদ্ধতি অনুসরণ করতে হবে। এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন।

 

সভায় জানানো হয়, বেতাগী উপজেলায় এ কর্মসূচির তথ্য সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪৮:০৭ ● ১৯ বার পঠিত