সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
রাজউকের অভিযানে ৯ ভবনে ব্যবস্থা, ৮ বৈদ্যুতিক মিটার জব্দ
হোম » জাতীয় » রাজউকের অভিযানে ৯ ভবনে ব্যবস্থা, ৮ বৈদ্যুতিক মিটার জব্দ
![]()
সাগরকন্যা প্রতিবেদক
রাজধানীর চার এলাকায় অনুমোদনহীন ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯টি ভবনে ব্যবস্থা নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার (১২ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ৮টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। পাশাপাশি কয়েকটি ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলা এবং নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।
রাজউকের জোন-৭/১-এর আওতায় মোঘলটুলা, নামা শ্যামপুর, মোহাম্মদবাগ ও কদমতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান ও জোন-৭/১-এর অথরাইজড অফিসার মো. ইলিয়াসের যৌথ তত্ত্বাবধানে অভিযানে সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও ইমারত পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে বংশালের ৩৯ নম্বর মোঘলটুলার ধোপা গলিতে মো. সাজ্জাদ হোসেন গংয়ের অনুমোদনহীন সাততলা ভবনের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ সময় রাজউকের অনুমোদন ছাড়া নির্মাণকাজ না করার অঙ্গীকারে ভবনমালিকের কাছ থেকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেওয়া হয়।
নামা শ্যামপুরের শনির আখড়া জিয়া স্মরণী ব্রিজসংলগ্ন এলাকায় মো. উজ্জল গংয়ের তিনতলা ভবনের নকশাবহির্ভূত বর্ধিত সিঁড়ি ভেঙে অপসারণ করা হয়। একই সঙ্গে অনুমোদিত নকশা ছাড়া নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়। নামা শ্যামপুর রোডে মো. ফিরোজ আলম বাবু গংয়ের একটি ভবনের ভিত্তির কাজ চলমান থাকায় বৈদ্যুতিক মিটার জব্দ করে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।
কদমতলীর পশ্চিম মোহাম্মদবাগ এলাকায় মো. মনজু ঢালীর ছয়তলা ভবনের নিচতলায় পার্কিংয়ের জায়গায় নির্মিত দোকানের একাংশ ভেঙে ফেলা হয়। এ সময় একটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। পশ্চিম মোহাম্মদবাগ চৌরাস্তায় মো. আল-আমিনের একতলা ভবনের দুটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। একই এলাকার মো. আওলাদের দশতলা ভবনের সামনের নকশাবহির্ভূত ক্যান্টিলিভারের একাংশ ভেঙে ফেলার পাশাপাশি একটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। ভবনটির নির্মাণকাজও বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, পূর্ব কদমতলী এলাকায় মো. মনতাজ উদ্দিনের আটতলা ভবন, মো. কুদ্দুসের ছয়তলা ভবন এবং মো. ওবায়দুল গংয়ের দোতলা ভবন থেকে একটি করে বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। এসব ভবনের মালিকদেরও রাজউকের অনুমোদিত নকশা ছাড়া নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
রাজউক জোন-৭/১-এর আওতাধীন এলাকায় ভবন নির্মাণে অনুমোদিত নকশা ও প্রযোজ্য বিধিবিধান অনুসরণ নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮:৫১:২৯ ● ২৭ বার পঠিত
