সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
দুমকির ১১ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমার কাজ শেষ ৭৫ শতাংশ
হোম » পটুয়াখালী » দুমকির ১১ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমার কাজ শেষ ৭৫ শতাংশ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকি উপজেলার ১১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে। এরই মধ্যে প্রতিমা তৈরির কাজ প্রায় ৭৫ শতাংশ শেষ হয়েছে। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। ২১ অক্টোবর মহাদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব।
উপজেলা শহরের নতুন বাজারে অবস্থিত সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরে গিয়ে দেখা যায়, প্রতিমা তৈরির কাজ করছেন দুই কারিগর। প্রতিমা নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭৫ হাজার টাকা।
মন্দির কর্তৃপক্ষ জানায়, এবার দুর্গাপূজার বাজেট নির্ধারণ করা হয়েছে তিন লাখ টাকা। গত বছর এ বাজেট ছিল আড়াই লাখ টাকা। সে হিসাবে এবার বাজেট বেড়েছে ৫০ হাজার টাকা। ১৯৯৭ সালে নিবন্ধিত মন্দিরটিতে প্রতিবছর শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়।
মন্দিরের পুরোহিত মিহির চক্রবর্তী জানান, তিনি ১১ বছর ধরে এখানে পুরোহিতের দায়িত্ব পালন করছেন। প্রতিমা তৈরির কাজ শেষ হলে মণ্ডপের সাজসজ্জাসহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করা হবে।
তিনি আরও জানান, পূজা উপলক্ষে এখনো সরকারি অনুদান পাওয়া যায়নি। তবে সরকারি সহায়তা হিসেবে ৫০০ কেজি চাল পাওয়ার কথা রয়েছে। মণ্ডপের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা রয়েছে।
উপজেলার পাঁচটি ইউনিয়নে এবার মোট ১১টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে শ্রীরামপুর, আঙ্গারিয়া, লেবুখালী ও পাঙ্গাশিয়া ইউনিয়নে দুটি করে এবং মুরাদিয়া ইউনিয়নে তিনটি মণ্ডপ রয়েছে। এসব মণ্ডপে প্রতিমা নির্মাণের পাশাপাশি চলছে সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতি।
দুর্গাপূজাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।
এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:২৪:০৯ ● ২৫ বার পঠিত
