রবিবার ● ১১ অক্টোবর ২০২৬

কালকিনিতে মাদক নিয়ে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণ, এলাকায় অতিরিক্ত পুলিশ

হোম » ঢাকা » কালকিনিতে মাদক নিয়ে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণ, এলাকায় অতিরিক্ত পুলিশ
রবিবার ● ১১ অক্টোবর ২০২৬


 

কালকিনিতে মাদক নিয়ে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণ, এলাকায় অতিরিক্ত পুলিশ

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

 

মাদারীপুরের কালকিনি পৌর শহরের মাছবাজারসংলগ্ন বড় ব্রিজ এলাকায় মাদক বিক্রি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনার পর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার এ ঘটনায় তিনজন আহত হন।

 

স্থানীয়দের দাবি, পাঙ্গাশিয়া এলাকার রনি সরদার ও জহির ফকিরের পক্ষের লোকজনের মধ্যে মাদক বিক্রি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

আহত রনি সরদার, সাব্বির সরদার ও নেসার উদ্দিন নামে এক পথচারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর পরিস্থিতি শান্ত হয়েছে।

 

তবে সংঘর্ষের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের বক্তব্যও পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৯:১১:৪৯ ● ২৫ বার পঠিত