শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
কালকিনিতে ১০৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬
হোম » ঢাকা » কালকিনিতে ১০৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
মাদারীপুরের কালকিনিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০৪ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩ হাজার ২৫০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাত ২টার দিকে কালকিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মজিদবাড়ি এলাকার একটি গুদামঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মজিদবাড়ি এলাকার মৃত হাজী আব্দুল মালেক সরদারের ছেলে মো. ইমাম সরদার (৪৫), মো. আনোয়ার বেপারীর ছেলে মো. আকাশ বেপারী (২৮), মো. সেকেন্দার আলী সরদারের ছেলে মো. আরাফাত হোসেন মুন (২৪), মৃত রাজ্জাক সরদারের ছেলে মো. জোবায়ের সরদার (২২), মো. আবু বক্কর বেপারীর ছেলে মো. সাকিবুল হাসান (২২) এবং মৃত আব্দুল হালিম সরদারের ছেলে মেহেদী হাসান (৩৫)।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদারীপুরের পুলিশ সুপারের নির্দেশনায় কালকিনি থানার উপপরিদর্শক (নিরস্ত্র) হানিফ সরকার ও সহকারী উপপরিদর্শক (নিরস্ত্র) লেলিন আল মুনতাজ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ছয়জনকে আটক করার পর তাঁদের কাছ থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬:০৯:০২ ● ২৭ বার পঠিত
