শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
আল নাসর সমর্থকদের ভালোবাসার জবাবে গোল রোনালদোর
হোম » খেলা » আল নাসর সমর্থকদের ভালোবাসার জবাবে গোল রোনালদোর
![]()
সাগরকন্যা খেলা ডেস্ক
পর্তুগাল জাতীয় দলে ক্রিস্টিয়ানো রোনালদো ও কোচ জর্জ জেসুসের দ্বন্দ্ব নিয়ে আলোচনা চলছে। তবে সৌদি আরবের ক্লাব আল নাসরের সমর্থকদের ভালোবাসায় কোনো ঘাটতি নেই রোনালদোর জন্য। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে ফেরার পর প্রথম ম্যাচেই গ্যালারিতে ব্যানার প্রদর্শন ও স্লোগানে প্রিয় তারকার প্রতি সমর্থন জানান তাঁরা। জবাবে গোলও করেছেন ৪১ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি।
রিয়াদের আলাওয়াল পার্কে লিগ ম্যাচে আল দিরিয়াহর বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আল নাসর। ম্যাচ শুরুর আগে গ্যালারিতে রোনালদোর সাত নম্বর জার্সির ছবি সংবলিত বিশাল ব্যানার প্রদর্শন করেন সমর্থকেরা। তাতে লেখা ছিল, ‘গ্রেটনেস অর্জিত হয়েছে। সিআরসেভেন ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।’ ম্যাচের সপ্তম মিনিটে রোনালদোর নাম ধরেও স্লোগান দেন তাঁরা।
ম্যাচের ২৩ মিনিটে গোল করে সমর্থকদের ভালোবাসার জবাব দেন রোনালদো। বক্সের বাইরে থেকে কিংসলে কোমানের শট আল দিরিয়াহর গোলরক্ষক ওয়ালেদ আলী ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি শটে বল জালে পাঠিয়ে ক্যারিয়ারের ৯৮০তম গোলের দেখা পান রোনালদো।
৩৫ মিনিটে রোনালদোর পর্তুগিজ সতীর্থ সামু কস্তা এবং ৭৭ মিনিটে কোমান গোল করলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় আল নাসরের।
ম্যাচের পর পর্তুগাল জাতীয় দলের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে রোনালদোর গোল নিয়ে পোস্ট করা হয়। তাঁর গোল উদ্যাপনের ছবির ক্যাপশনে লেখা হয়, ‘আল নাসরের জয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল।’ তবে একই ম্যাচে গোল করা পর্তুগালের আরেক খেলোয়াড় সামু কস্তাকে নিয়ে কোনো পোস্ট করা হয়নি।
সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে উয়েফা নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে বেঞ্চে বসেছিলেন রোনালদো। পরের ম্যাচে ডেনমার্কের বিপক্ষেও একাদশে থাকবেন না জানতে পেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান তিনি। কোচ জর্জ জেসুসের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগও তোলেন পর্তুগিজ তারকা।
পরে জেসুস জানান, রোনালদো চাইলে জাতীয় দলে ফিরতে পারেন। অন্যদিকে, ইনস্টাগ্রামে দেওয়া বিবৃতিতে ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেওয়ার কথা বলেন রোনালদো।
মজার বিষয়, গত মৌসুমে জেসুসই ছিলেন আল নাসরের কোচ। ম্যাচ শেষে রোনালদোর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে লেখা হয়, ‘কাজ শেষ। এখন পরেরটা লক্ষ্য।’
এই জয়ে লিগ টেবিলে শীর্ষে থাকা আল কাদসিয়ার সমান ১৯ পয়েন্ট অর্জন করেছে আল নাসর। দুই দলেরই ম্যাচসংখ্যা আট। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আল কাদসিয়া (+১৩), আর এক গোল কম ব্যবধানে (+১২) দ্বিতীয় স্থানে আল নাসর।
বাংলাদেশ সময়: ৯:৫৮:১৪ ● ১১ বার পঠিত
