শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬

বরিশাল কারাগারে ২২ বছর বন্দি থাকার পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

হোম » বরিশাল » বরিশাল কারাগারে ২২ বছর বন্দি থাকার পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬


 

বরিশাল কারাগারে ২২ বছর বন্দি থাকার পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রায় ২২ বছর বন্দি থাকার পর সুলতান হাওলাদার (৬৪) নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

 

একই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুলতানের বাবা আবদুর রব হাওলাদারও প্রায় দুই বছর আগে কারাগারে মারা যান। ফলে একই মামলায় সাজাপ্রাপ্ত বাবা ও ছেলেরই কারাবন্দি অবস্থায় মৃত্যু হলো।

 

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু ইউসুফ জানান, একটি হত্যা মামলায় ২০০৪ সালে আদালত সুলতানকে মৃত্যুদণ্ড দেন। এরপর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। অসুস্থ হয়ে পড়লে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।

 

তিনি আরও জানান, মৃত্যুর পর নিয়ম অনুযায়ী মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সুলতান বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দা ও বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ইরান জানান, ২০০১ সালে ওই গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে হুমায়ুন কবির নামে এক ব্যক্তি খুন হন। ওই হত্যা মামলায় সুলতানের মৃত্যুদণ্ড হয়। দীর্ঘ সময় কারাগারে থাকার পর বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে নেওয়া হয়।

 

ইরান আরও জানান, একই মামলায় সাজাপ্রাপ্ত সুলতানের বাবা আবদুর রব হাওলাদারও প্রায় দুই বছর আগে কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

তবে বরিশাল কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, সুলতান বেপারী একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলেন। মামলাটির বিস্তারিত তথ্য কারা কর্তৃপক্ষের কাছে নেই। তাই কোন হত্যা মামলায় তাঁর মৃত্যুদণ্ড হয়েছিল, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।

বাংলাদেশ সময়: ৯:২৩:২১ ● ২৫ বার পঠিত