শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬

ইরানের যুদ্ধ অবসানে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুতিনের

হোম » বিশ্ব » ইরানের যুদ্ধ অবসানে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুতিনের
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬


 

ইরানের যুদ্ধ অবসানে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুতিনের

সাগরকন্যা ইন্টারন্যাশনাল ডেস্ক

 

ইরানের যুদ্ধ অবসানে তেহরানকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার তুর্কমেনিস্তানে যান পুতিন ও পেজেশকিয়ান। সেখানে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠক হয়।

 

সম্মেলনে বক্তব্যে পুতিন বলেন, ‘এই যুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণে ইরানের জন্য আমাদের সাধ্যের মধ্যে যা কিছু আছে, আমরা তা করতে প্রস্তুত। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরান যুদ্ধ অবসানে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে আসছে।’

 

ইরান ও রাশিয়ার সম্পর্কের ইতিবাচক অগ্রগতির কথাও তুলে ধরেন পুতিন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশ দুটি কূটনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদার করেছে। সামরিক সহযোগিতার পাশাপাশি অর্থনীতি ও বাণিজ্যেও তাদের পারস্পরিক নির্ভরতা বেড়েছে। উভয় দেশই যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিষেধাজ্ঞার মুখে রয়েছে।

 

শুক্রবার তুর্কমেনিস্তানের কাস্পিয়ান সাগর উপকূলের অবকাশকেন্দ্র আভাজায় সিআইএস সম্মেলন শুরু হওয়ার কথা। পুতিন ও পেজেশকিয়ান বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটিতে পৌঁছান।

 

এর আগে গত সেপ্টেম্বরে কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে দুই নেতার সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল।

 

ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইরান মস্কোকে শাহেদ ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইরানকে লক্ষ্যসংক্রান্ত তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে।

 

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা যখন অচলাবস্থার মুখে, তখনই পুতিন ও পেজেশকিয়ানের এই বৈঠক হলো। চলতি সপ্তাহে পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ‘অর্থহীন’।

বাংলাদেশ সময়: ৯:১৬:০১ ● ২১ বার পঠিত