বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
কুয়াকাটায় সেনাবাহিনী কর্মকর্তা পরিচয়ে মেয়েদের হোটেলে নেওয়া, যুবকের কারাদণ্ড
হোম » কুয়াকাটা » কুয়াকাটায় সেনাবাহিনী কর্মকর্তা পরিচয়ে মেয়েদের হোটেলে নেওয়া, যুবকের কারাদণ্ড
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন মেয়েকে হোটেলে নিয়ে আসার অভিযোগে আব্দুল জলিল (২২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে কুয়াকাটার আবাসিক হোটেল মারওয়াতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। মহিপুর থানার উপপরিদর্শক মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
অভিযানকালে হোটেলে আব্দুল জলিলের সঙ্গে তার স্ত্রী মোসা তামান্না (২০) ছিলেন। এ সময় ভুক্তভোগী হিসেবে জনৈকা কিশোরী (১৬) ও তার বাবা (৪০) ভ্রাম্যমাণ আদালতের কাছে সাক্ষ্য দেন।
অভিযানসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, আব্দুল জলিল প্রকাশ্যে স্বীকার করেন যে, তিনি সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন মেয়েকে হোটেলে নিয়ে আসতেন। এর আগেও তিনি একই ধরনের ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, আটক আব্দুল জলিল কুয়াকাটা পৌরসভার ২ নং ওয়ার্ডের মৃত ইনছার আলীর ছেলে।
সরকারি কর্মকর্তা হিসেবে মিথ্যা পরিচয় দেওয়ার অপরাধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২৩:৩৫:৩৩ ● ৫৪ বার পঠিত
