বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬

গৌরনদীতে ঋণের চাপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা

হোম » বরিশাল » গৌরনদীতে ঋণের চাপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬


 

গৌরনদীতে ঋণের চাপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে পাঁচ লক্ষাধিক টাকার ঋণের চাপ সইতে না পেরে পুলিন তালুকদার (৫০) নামে এক চা দোকানি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইছাকূড়ি-বাকাই গ্রামে এ ঘটনা ঘটে। পুলিন ওই গ্রামের মৃত উপেন্দ্র নাথ তালুকদারের ছেলে।

 

স্বজন ও স্থানীয়রা জানান, তিন কন্যাসন্তানের জনক পুলিন দীর্ঘ আট বছর মরিশাসে ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ফিরে বাড়ির কাছে একটি চায়ের দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। প্রবাসে থাকাকালে স্থানীয় সুদি মহাজন এবং দেশে ফেরার পর বিভিন্ন এনজিও থেকে তিনি পাঁচ লক্ষাধিক টাকা ঋণ নেন।

 

ঋণের চাপ বাড়তে থাকায় পুলিন হতাশায় ভুগছিলেন। গত কয়েক দিন ধরে সুদের টাকা ও এনজিওর কিস্তি পরিশোধ করতে না পেরে তিনি চাপে ছিলেন বলে স্বজনরা জানান। বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের বাগানে একটি গাছের ডালে রশি দিয়ে ফাঁস দেন তিনি।

 

স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩৮:০৭ ● ৭৯ বার পঠিত