বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ২২৫ নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শেষ
হোম » পিরোজপুর » পিরোজপুরে ২২৫ নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শেষ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের সাত উপজেলায় নবনিযুক্ত ২২৫ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পাঁচ দিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ প্রশিক্ষণ শেষ হয়। গত ৪ অক্টোবর থেকে জেলার পাঁচটি ভেন্যুতে এ প্রশিক্ষণ শুরু হয়েছিল।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার সাত উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ২৪৩ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। এর মধ্যে ২২৫ জন গত ১ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করেন। শ্রেণিকক্ষে পাঠদানের আগে নবনিযুক্ত শিক্ষকদের পাঁচ দিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে শিক্ষার্থীকে চেনা, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, সহজে ক্লাস পরিচালনার কাঠামো, স্বল্প খরচে শিক্ষা সহায়ক উপকরণ তৈরি, পাঠ পরিকল্পনা প্রণয়ন, শ্রেণিকক্ষের সাধারণ সমস্যা মোকাবিলার প্রাথমিক কৌশল এবং সরকারি কর্মচারী হিসেবে চাকরির আচরণবিধি ও শৃঙ্খলাসংক্রান্ত মৌলিক বিষয় শেখানো হয়েছে।
ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, নতুন শিক্ষকদের জন্য এ প্রশিক্ষণ শ্রেণিকক্ষে পাঠদানের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করবে।
নবনিযুক্ত শিক্ষকদের লটারির মাধ্যমে আগামী ১১ অক্টোবর পদায়ন করা হবে।
বাংলাদেশ সময়: ১৯:১১:০৭ ● ২৫ বার পঠিত
