বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
তালতলীতে ভিডব্লিউবি কার্ড বিতরণে ৩০০ টাকা আদায়ের অভিযোগ
হোম » বরগুনা » তালতলীতে ভিডব্লিউবি কার্ড বিতরণে ৩০০ টাকা আদায়ের অভিযোগ
সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)
বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নে দুস্থ নারীদের জন্য ভিডব্লিউবি কর্মসূচির কার্ড বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) খলিলুর রহমানের বিরুদ্ধে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নাম ও ‘অফিস খরচ’-এর কথা বলে এ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন উপকারভোগীরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভিডব্লিউবি কর্মসূচির কার্ড নিতে ইউনিয়ন পরিষদে গেলে উপকারভোগীদের কাছে ৩০০ টাকা দাবি করেন সচিব খলিলুর রহমান। টাকা আদায়ের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে গত বুধবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপকারভোগীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে। একপর্যায়ে রওশনয়ারা নামে এক উপকারভোগীকে নেওয়া ৩০০ টাকা ফেরত দেন সচিব।
রওশনয়ারা বলেন, ‘আমি ইউনিয়ন পরিষদে কার্ড নিতে গেলে সচিব খলিলুর রহমান ৩০০ টাকা চান। টাকা দেওয়ার পর তিনি আমাকে আগস্ট ও সেপ্টেম্বর দুই মাসের চাল দেন। পরে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে তিনি আমার টাকা ফেরত দিতে বাধ্য হন।’
নাম প্রকাশ না করার শর্তে আরও দুই কার্ডধারী অভিযোগ করেন, তাদের কাছ থেকেও কার্ড বিতরণের সময় ৩০০ টাকা করে নিয়েছেন ইউনিয়ন পরিষদের সচিব খলিলুর রহমান।
অভিযোগের বিষয়ে ছোটবগী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) খলিলুর রহমান বলেন, ‘নতুন ভিডব্লিউবি কার্ডের জন্য ৩০০ টাকা করে নেওয়ার কথা বলা হয়েছিল। সেই অনুযায়ী দুই-একজনের কাছ থেকে টাকা নেওয়াও হয়েছিল। কিন্তু পরে চেয়ারম্যান সাহেব টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিলে আমরা তা ফেরত দিয়ে দিই।’
তালতলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল বলেন, ‘ভিডব্লিউবি কর্মসূচির কার্ড বা চাল বিতরণে কোনো প্রকার টাকা নেওয়ার সুযোগ নেই। আমার নাম ভাঙিয়ে কেউ টাকা আদায় করে থাকলে তা অত্যন্ত অন্যায়। দ্রুত টাকা ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হবে।’
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় তালতলী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে ১ হাজার ৬৫২ জন দুস্থ নারী তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে ছোটবগী ইউনিয়নে রয়েছেন ৩০০ জন। কর্মসূচির আওতায় প্রত্যেক কার্ডধারী ইউনিয়ন পরিষদ থেকে প্রতি মাসে বিনা মূল্যে ৩০ কেজি করে চাল পাবেন। এ সুবিধা ২৪ মাস দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭:৪৫:১৪ ● ১২ বার পঠিত
