বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬

কারণ দর্শানোর নোটিশের পর কুয়াকাটা ও কলাপাড়ায় বিএনপির দুই নেতার পদ স্থগিত

হোম » রাজনীতি » কারণ দর্শানোর নোটিশের পর কুয়াকাটা ও কলাপাড়ায় বিএনপির দুই নেতার পদ স্থগিত
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬


কুয়াকাটা ও কলাপাড়ায় বিএনপির দুই নেতার পদ স্থগিত

 

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের পদ স্থগিত করেছে জেলা বিএনপি।

 

বুধবার (৭ অক্টোবর) রাতে পৃথক চিঠিতে তাদের নিজ নিজ সাংগঠনিক পদ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হয়।

 

জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের পদ স্থগিত করা হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এর আগে চুরির অভিযোগকে কেন্দ্র করে মা ও শিশুকে মারধরের অভিযোগ ওঠায় অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল জেলা বিএনপি। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

অন্যদিকে, আদালতে বিচারাধীন ও নিষেধাজ্ঞা বহাল থাকা জমি সংক্রান্ত বিরোধে দলীয় কার্যালয়ে সংশ্লিষ্ট পক্ষকে হাজির হওয়ার নোটিশ দেওয়ার অভিযোগ ওঠে মো. মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনায় গত ৩ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা বিএনপি।

 

নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। অভিযোগটি দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক আচরণ ও দলের ভাবমূর্তির পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।

 

এর আগে মো. মতিউর রহমান হাওলাদার জানিয়েছিলেন, আদালতের মামলার বিষয়টি তার জানা ছিল না। পরে বিষয়টি জানতে পেরে জেলা বিএনপির কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

 

কারণ দর্শানোর প্রক্রিয়া শেষে জেলা বিএনপি দুজনেরই নিজ নিজ সাংগঠনিক পদ স্থগিতের সিদ্ধান্ত নেয়। চিঠিতে বলা হয়েছে, দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সিদ্ধান্তটি অদ্য (৭ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১২:৪০:৪৫ ● ৮০ বার পঠিত