বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬

সুন্দরবন সুরক্ষা কমিটির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি

হোম » খুলনা » সুন্দরবন সুরক্ষা কমিটির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬


সুন্দরবন সুরক্ষা কমিটির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি

 

 

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা, হরিণ শিকারসহ বনজ সম্পদ ধ্বংসকারী চক্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত চাঁদপাই রেঞ্জের কো-ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভাপতি মো. ফারুক হাওলাদারকে সামাজিক যোগাযোগমাধ্যমে হেয়প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি।

 

বুধবার রাত সাড়ে ৮টার দিকে মোংলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ফারুক হাওলাদার।

 

তিনি জানান, দীর্ঘ ৪০ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। বর্তমানে চিলা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে মৌসুমি ইলিশ ব্যবসার সঙ্গে জড়িত। সিএমসির সভাপতি হিসেবে সুন্দরবন ও বনজ সম্পদ রক্ষায় তিনি এবং তাঁর সংগঠন কাজ করে আসছেন।

 

ফারুক হাওলাদারের অভিযোগ, সম্প্রতি সুন্দরবনকেন্দ্রিক বিষ দিয়ে মাছ শিকারি ও হরিণ শিকারি চক্রের কথিত মূলহোতা সোহেল শেখ ও মিলন শেখের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে বাধা দেয় সিএমসি। এতে ক্ষিপ্ত হয়ে চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেক আইডি ও পেজ ব্যবহার করে তাঁর বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ প্রচারণা চালিয়ে আসছে।

 

তিনি আরও অভিযোগ করেন, শিকারি চক্রের কর্মকাণ্ডে বাধা দেওয়ায় সোহেল শেখ ও মিলন শেখ তাঁকে নিয়মিত খুন-জখমের হুমকি দিয়ে আসছেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ কারণে আইনগত সুরক্ষার জন্য মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

ফারুক হাওলাদার বলেন, ফেসবুকে মানহানিকর অপপ্রচার ও প্রাণনাশের হুমকির ঘটনায় সোহেল শেখ, মিলন শেখসহ ফেক আইডি পরিচালনাকারীদের বিরুদ্ধে সাইবার অপরাধ আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

 

এদিকে স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদীরা সুন্দরবন রক্ষায় নিয়োজিত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের বিষয়ে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১:১২:৩৫ ● ২৮ বার পঠিত