বুধবার ● ৭ অক্টোবর ২০২৬

কালকিনিতে ধর্ষণ চেষ্টার অভিযোগ ঘিরে সৌদি ফেরত বৃদ্ধের বাড়িতে আগুন

হোম » ঢাকা » কালকিনিতে ধর্ষণ চেষ্টার অভিযোগ ঘিরে সৌদি ফেরত বৃদ্ধের বাড়িতে আগুন
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬


কালকিনিতে ধর্ষণ চেষ্টার অভিযোগ ঘিরে সৌদি ফেরত বৃদ্ধের বাড়িতে আগুন

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

 

মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে সৌদি আরবফেরত ৭০ বছর বয়সী এক বৃদ্ধের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এর আগে জমি নিয়ে বিরোধের জেরে ওই বৃদ্ধের বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ আনা হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য সালিশ ডাকা হলেও সেখানে তিনি উপস্থিত না হওয়ায় তাঁর বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।

 

ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পুড়ে যায় বৃদ্ধ হাবিবুর রহমান ওরফে হাবলু শিকদারের বসতঘর। এতে আতঙ্কে রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

 

সরেজমিনে জানা যায়, নদীভাঙনের শিকার হাবিবুর রহমান ওরফে হাবলু শিকদার প্রায় ১০ বছর আগে সৌদি আরব থেকে দেশে ফিরে কালকিনির চর সাহেবরামপুর গ্রামে জমি কিনে একটি দোতলা টিনের ঘর নির্মাণ করেন। সেখানে বসবাসের পর ওই জমি নিয়ে প্রতিবেশী কামাল মালের সঙ্গে বিরোধ শুরু হয়। এ নিয়ে ২০২২ সালে আদালতের দ্বারস্থ হন হাবলু। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল বলে জানা গেছে।

 

পরবর্তীতে কামাল মালের প্রতিবেশী পাঁচ বছরের এক শিশুকে দিয়ে হাবলুর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ আনা হয়। গত ২ অক্টোবরের ঘটনার তিন দিন পর সোমবার বিকেলে স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার জন্য সময় নির্ধারণ করা হয়। সেখানে হাবলু উপস্থিত না হলে বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের পর বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

 

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পুড়ে যায় হাবলুর মাথা গোঁজার একমাত্র আশ্রয়।

 

তবে হাবলুর সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকার কথা স্বীকার করলেও বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছেন কামাল মালের স্ত্রী সুমি বেগম। তাঁর দাবি, শিশুটিকে ধর্ষণ চেষ্টার অভিযোগের ঘটনায় বিক্ষুব্ধ লোকজনই এমন ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সঙ্গে তাঁরা কেউ জড়িত নন বলেও দাবি করেন তিনি।

 

এ ঘটনায় গত ৫ অক্টোবর হাবলুর স্ত্রী দেলোয়ারা বেগম বাদী হয়ে বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে ১৬ জনকে আসামি করে মামলা করেন। অন্যদিকে, শিশুটিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাবলু শিকদারকে একমাত্র আসামি করে মঙ্গলবার সকালে কালকিনি থানায় মামলা করেছে শিশুটির পরিবার।

 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল আলম বলেন, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। এছাড়া পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগেও আরেকটি মামলা নেওয়া হয়েছে। উভয় মামলাই প্রাথমিক তদন্ত পর্যায়ে রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

স্থানীয় সচেতন ব্যক্তিরা বলেন, কোনো অপরাধের অভিযোগ থাকলে দেশের প্রচলিত আইনে তার বিচার হওয়া উচিত। স্থানীয় জনপ্রতিনিধি ও কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে এ ধরনের গণহামলা বা মবের মাধ্যমে বিচার কাম্য নয়। তাঁরা ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৫:৪১ ● ৩০ বার পঠিত